উপনির্বাচনে সুচির জয়, দাবি এনএলডির (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির উপনির্বাচনে একটি আসনে জয়লাভ করেছেন বলে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দাবি করেছে। তবে সরকারিভাবে এখনো তা নিশ্চিত করা হয়নি। সু চি ইয়াঙ্গুনের দক্ষিণ-পশ্চিমের কাহমু আসন থেকে নির্বাচন করেছেন। আজ রোববার পার্লামেন্টের ৪৫টি আসনে ভোট গ্রহণ করা হয়।গত অর্ধশতাব্দীর মধ্যে আজ রোববার তৃতীয়বারের মতো নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। ১৯৯০ সালের পর এনএলডি এবারই প্রথম নির্বাচনে লড়াই করছে।স্থানীয় সময় সকাল ছয়টায় ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটিতে অন্যবারের তুলনায় এবার বেশিসংখ্যক বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষককে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) পর্যবেক্ষকেরা রয়েছেন।এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েক বছর আগে দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। রয়টার্স জানায়, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সাপেক্ষে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে তারা।মিয়ানমারে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের সময় ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য ইভো বেলেট বলেন, ‘সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে দেখে আমরা খুশি। আশা করছি, সারা দিন এই পরিস্থিতি চলবে। যা দেখছি, তার ভিত্তিতে একটি মূল্যায়নপত্র তৈরি করব। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজ করে যাব এবং ভোট গণনার বিষয়টি পর্যবেক্ষণের চেষ্টা করব।’ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার কারেল দে গোচট বলেন, ‘আমি অভিভূত যে অবশেষে মিয়ানমারবাসী স্বাধীনতা পেতে যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা সব সময় একসঙ্গে চলে।’নোবেলজয়ী সু চি সকালে কাহমুতে কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এরপর তিনি ইয়াঙ্গুনে ফিরে যান। সু চির সঙ্গে থাকা বিবিসির প্রতিনিধি ফারগাল কেনি তাঁর টুইটারে লেখেন, এখনো তিনি (সু চি) প্রচারণার ধকল কাটিয়ে উঠতে পারেননি। গত সপ্তাহে অসুস্থতার কারণে তিনি নির্বাচনী প্রচারণা বাদ দিয়েছিলেন।এদিকে গত শুক্রবার সু চি তাঁর নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে এই উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন।এবারের উপনির্বাচনে ৪৮টি আসনে ১৭টি দলের ১৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আটজন। তবে নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, তা পার্লামেন্টে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতায় কোনো প্রভাব ফেলবে না।সাবেক সামরিক জান্তার সমর্থক দল ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড সলিডারিটি পার্টি (ইউডিএসপি) বর্তমানে ক্ষমতাসীন।