উপনির্বাচনে ৪৩ আসনে জয়ী সু চির দল
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সদ্যসমাপ্ত উপনির্বাচনে বিপুল বিজয় পেয়েছে। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে এনএলডি ৪৩ আসনে জয় পেয়েছে। স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে। তবে এনএলডির দাবি, নির্বাচনে ৪৪ আসনের মধ্যে ৪৩টিতেই জয়ী হয়েছে তারা। চূড়ান্ত ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে আরও ছয় দিন লাগতে পারে। এনএলডি বলেছে, সু চি তাঁর নির্বাচনী আসন কাহমুতে সহজ জয় পেয়েছেন। উপনির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এই বিজয়কে ‘জনগণের বিজয়’ বলে অভিহিত করেছেন সু চি। তিনি বলেন, ‘উপনির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমার নতুন যুগে প্রবেশ করেছে। এখন অন্য দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে মিলেমিশে কাজ করতে চাই।’যুক্তরাষ্ট্র বলেছে, এই ভোট মিয়ানমারের গণতন্ত্রে ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমার কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, মিয়ানমারের সংস্কার কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।ইউরোপীয় ইউনিয়ন ইঙ্গিত দিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বেশ কিছু ক্ষেত্রে তারা মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে।গত রোববার মিয়ানমারে আলোচিত এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটিতে চলমান রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে এটি ছিল এক কঠিন পরীক্ষা।নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই ক্ষমতাসীনদের দাবি। ২০১০ সালের নির্বাচনে জয়ী যেসব পার্লামেন্ট সদস্য মন্ত্রী হয়েছেন, তাঁদের শূন্য আসন পূরণ করতে ৪৫টি আসনে উপনির্বাচন হয়। ১৯৯০ সালের পর এবারই প্রথম এনএলডি কোনো নির্বাচনে অংশ নিল। এ ছাড়া আরও ১৬টি দল নির্বাচনে অংশ নেয়। এবার উপনির্বাচনে এনএলডি প্রায় সব আসনে জিতলেও পার্লামেন্টে জান্তা ও তাদের মিত্রদের কোনো সমস্যা হবে না। কেননা, ৬৬৪ আসনের পার্লামেন্টে তাঁদের বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।