উপনির্বাচনের জন্য নিবন্ধন করেছেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চি দেশটির পার্লামেন্টের একটি আসনে উপনির্বাচনে অংশ নিতে আজ বুধবার নিবন্ধন করেছেন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।উপনির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান সু চি ইয়াঙ্গুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাউমু আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । আগামী ১ এপ্রিল ওই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।১ এপ্রিল মোট ৪৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনগুলো থেকে নির্বাচিত প্রতিনিধিরা মন্ত্রিত্ব গ্রহণ করায় তা শূন্য ঘোষিত হয়। ১৯৯০ সালের পর এই প্রথম সু চি নির্বাচনে অংশ নেবেন। ২০১০ সালের শেষের দিকে তিনি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার অংশ হিসেবে দেশটির সামরিক জান্তা-সমর্থিত সরকার নানা সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। এই প্রক্রিয়ার সুফল হিসেবে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চি মূল রাজনীতিতে অংশ নিতে পারছেন।