উপনির্বাচনের তফসিল দু-এক দিনের মধ্যে ঘোষণা হবে: ছহুল হোসাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনে উপনির্বাচনের তফসিল দু-এক দিনের মধ্যে ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরই মধ্যে ভোলা জেলার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরই মধ্যে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ওয়ার্ডগুলোর সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। চলতি মাসেই এটা চূড়ান্ত হবে। এরপর এপ্রিলের মধ্যবর্তী সময়ে ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।ছহুল হোসাইন বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে আঞ্চলিক অখণ্ডতা ও প্রশাসনিক কাজের সহজলভ্যতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, নতুন যেসব এলাকা ডিসিসির সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে, সেগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের সঙ্গে অথবা নতুন ওয়ার্ড গঠনের মাধ্যমে যুক্ত করা হবে। এরই মধ্যে ডিসিসি নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের সময় এ কেন্দ্রগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে।