উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে গলাচিপায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর গলাচিপা পানপট্টি ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ইলিয়াছের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন ওই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী নুরুন্নাহার বেগম। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন।মামলার আরজিতে বলা হয়, সরকারি বিধি অনুসারে নুরুন্নাহার প্রতি ছয় মাসে এক হাজার ৩০০ টাকা করে উপবৃত্তি পাওয়ার কথা। গত ২৪ জানুয়ারি ওই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। কিন্তু অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ইলিয়াছ গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগসাজশে তাঁর ও আলিম প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী আঁখিনূর বেগম এবং দ্বিতীয় বর্ষের তাসলিমা বেগম ও খালেদা বেগমের উপবৃত্তির মোট ছয় হাজার ৮০০ টাকা তাঁদেরকে না দিয়ে আত্মসাত করেন।এ ব্যাপারে গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘মামলার বিষয় আমাদের জানা নাই। আদালত জানতে চাইলে আমরা আমাদের কথা বলব। তা ছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক কর্মকর্তারা শিক্ষার্থীদের হাতে সরাসরি টাকা তুলে দেন। এ ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর টাকা না পাওয়া বা আত্মসাত হওয়ার কোনো সুযোগ নাই।’অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘গত ২৪ জানুয়ারি গলাচিপা ডিগ্রি কলেজ বুথে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যাংকের কর্মকর্তারা শিক্ষার্থীদের হাতে টাকা তুলে দেন। কারও টাকা আত্মসাত করা হয় নাই। আমি খোঁজ না নিয়ে এর বেশি আর কিছু বলতে পারব না।’