উপমহাদেশে প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া এই ধারাবাহিকে আজ থাকছে ১৯৮৭ বিশ্বকাপ। লিখেছেন রণজিৎ বিশ্বাসবিশ্বকাপ ক্রিকেটের গোটাকয় প্রতীক্ষা ছিল। একটি হ্যাটট্রিক দেখা, গাভাস্কারের জীবনের শেষ বিশ্বকাপে একটি হলেও সেঞ্চুরি দেখা এবং সম্ভব হলে একটি ভারত-পাকিস্তান ফাইনাল দেখা।উপমহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম আসর ১৯৮৭-এর বিশ্বকাপ প্রথম দুটি দেখাল একই মাঠে, নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। নিউজিল্যান্ডের বিপক্ষে চেতন শর্মা, শারজায় মিয়াঁদাদের প্রহারে ইনিংসের শেষ বলে ছক্কা উগরানোর জন্য আলোচিত হয়ে ওঠা এই বোলারটিকে বিস্মরণযোগ্য স্মৃতির পাশে অবিস্মরণীয় কিছু দেওয়ার জন্যই যেন অপেক্ষা করছিলেন ‘তিনি’। স্বর্গলোকে বসা ভাগ্যলোকের নিয়ন্তা। অনুগ্রহের ভান্ড একেবারে ঢেলে দিলেন তিনি চেতনের করপুটে। তিন বলে তিন উইকেট তো দিলেনই, দিলেন তিনজনেরই স্টাম্প হেলিয়ে। [হ্যাটট্রিকের উইকেট তিনটিই ছিল ওর উইকেট (৩/৫১)]টেস্ট ক্রিকেটে দশ হাজারি ক্লাবের প্রথম ও তখন পর্যন্ত একমাত্র সদস্য গাভাস্কারকে ওই ম্যাচে একটি সেঞ্চুরি (তাও আবার ৮৮ বলে অপ. ১০৩) বিধাতাকে দিতেই হচ্ছিল। কারণ, ওটিই ওর ক্যারিয়ারের শেষ ওডিআই ম্যাচ।বাকি থাকল ভারত-পাকিস্তান ফাইনালের আশা। সে আশা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মরে গেল, প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের পরাজয়ের সঙ্গে সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে বোম্বের ওয়াংখেড় স্টেডিয়ামে ভারতও হেরে গেল ইংল্যান্ডের কাছে। হেরে গেল যেন ‘শত্রুহারা বেদনায়’। হননের জন্য ওকেই যখন পাব না, মরণের ডাক ডাকাই ভালো—ভারতের সবাই মিলে এমন ভাবা ভেবেই যেন ইংল্যান্ডকে দ্বিতীয়বারের মতো (১৯৭৯ সালের পর) বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ করে দিল। অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের পরাজয় ১৮ রানে, ইংল্যান্ডের কাছে ভারতের ৩৫ রানে। গুচ (১১৫) ও গ্যাটিং (৫৬) নিলেন চার বছর আগে ভারতের কাছে সেমিফাইনালে পরাজয়ের এক লাগসই প্রতিশোধ।ফাইনালে কলকাতার ইডেন গার্ডেনসে ক্রিকেটভুবনের কুলীনখণ্ডের আরেক জোড়া চির অরি ও চির বৈরী মুখোমুখি হলো। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ফাইনালে অস্ট্রেলিয়ার উত্তরণও দ্বিতীয় বারের মতো, ১৯৭৫ সালের পর। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালটি ৭ রানে জিতে প্রথম শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়া। এরপর তারা আরও তিনবার ১৯৯৯ থেকে পরপর (১৯৯৯, ২০০৩, ২০০৭) চ্যাম্পিয়ন হলো। কিন্তু শিরোপা অধরাই থেকে গেছে ইংল্যান্ডের। যদিও তারা আরও একবার ফাইনালের মুখ দেখল ১৯৯২ সালে, তাও সেটা বৃষ্টি-আইনের সরাসরি পক্ষপাতে। ম্যাচের শেষ বলে ২১ রান তোলার পরীক্ষায় দক্ষিণ আফ্রিকার বুকের পাঁজর ভেঙে দিয়ে। তবে ৭ রানে হেরে যাওয়ার বিষয়টি তেমন কোনো বিষয়ই নয় মনে হতে পারে সেবার ‘এ’ গ্রুপের (ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে) প্রথম ম্যাচটির দিকে তাকিয়ে। অস্ট্রেলিয়া ২৭০/৬ (জিওফ মার্শ ১৪১ বলে ১১০; প্রভাকর ২/৪৭), ভারত ৪৯.৫ ওভারে ২৬৯ (নভজ্যোৎ সিধু ৭৯ বলে ৭৩; ক্রেইগ ম্যাকডারমট ৪/৫৬)। এক বল হাতে রেখে স্বাগতিক দলের পরাজয় ১ রানে।এই স্বাগতিক দল সেবার সেমিফাইনালে ওঠার ব্যর্থতার জন্য তাদের ক্রিকেটজীবনের পুরোটা জুড়েই আফসোস করবে, যখন তাদের কেউ স্মরণ করাবে—তোমরা সেবার ক্রিকেট নিয়ে বড় হেলা-অবহেলার খেলা খেলেছিলে।দেখা যাক, কেমন ছিল সেই হেলাফেলার ক্রিকেট। টস জিতে ভারত ফিল্ডিং নিয়ে খুব খারাপ করেছিল, বলা যাবে না। ২ উইকেটে ৭৯-এর পর গ্রাহাম গুচ (১৩৬ বলে ১১৫, চার ১১) ও মাইক গ্যাটিং (৬২ বলে ৫৬, চার ৫) তৃতীয় উইকেটে ১৯ ওভারে ১১৭ রান বাড়িয়ে দলকে যেখানে রেখে গেলেন (২৫৪/৬), সেটি ভয় পাইয়ে দেওয়ার মতো ছিল না।৭৩ রানে ৩ উইকেট হারানোর যে বিপদ ভারতের সামনে উপস্থিত হয়েছিল, মোহাম্মদ আজহারউদ্দিন তা সরিয়ে দিয়েছিলেন ৭৪ বলে ৬৪ রান (চার ৭) করে। আজহার যখন আউট হলেন, দলের স্থিতি তখন ৬ উইকেটে ২০৪। শেষ ১০ ওভারে দরকার ৫০, হাতে ৪ উইকেট। সম্ভব। খুবই সম্ভব।এমন একটা অবস্থাকে ‘খুবই অসম্ভব’ করে ফেলতে ভারত কোনো সময়ই নিল না। মাত্র ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ২১৯ রানে অলআউট হয়ে বসে থাকল (৪৫.৩ ওভারে)। এরপর স্বয়ং বিধাতারও কিছু আর করার থাকে না।