উপমহাদেশের প্রথম জেল হত্যাকাণ্ড সম্পর্কে অবগত নয় তরুণ প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলখানার খাপড়াওয়ার্ডে ১৯৫০ সালে উপমহাদেশের প্রথম জেলহত্যার ঘটনা ঘটে। তবে বর্তমান প্রজন্ম এ হত্যাকাণ্ড সম্পর্কে বলতে গেলে কিছুই জানে না। তারা ১৯৭৫ সালের ৩ নভেম্বরের জেলহত্যা সম্পর্কে জানে। তাদের খাপড়াওয়ার্ডের ইতিহাস জানাতে কোনো ধরনের উদ্যোগও নেয়নি রাষ্ট্র।আজ বুধবার সন্ধ্যায় পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে খাপড়াওয়ার্ড দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খাপড়াওয়ার্ডে গুলিবিদ্ধ রাজবন্দীদের সন্তানেরা এসব কথা বলেন। বিপ্লবীদের কথা প্রকাশনা এবং আবদুশ শহীদ সংসদ, প্রসাদ রায় ও আমিনুল ইসলাম বাদশা স্মৃতি সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।সভায় আলোচকেরা খাপড়াওয়ার্ডের ইতিহাস তুলে ধরেন। তাঁরা জানান, জেলখানার খাপড়াওয়ার্ডে ৩৯ জন বিপ্লবীর মধ্যে সাতজন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। আহত ৩২ জনের মধ্যে বর্তমানে মাত্র একজন বেঁচে আছেন। এই বিপ্লবীরা জেলখানায় রাজবন্দী হিসেবে অন্য কয়েদিদের তুলনায় সুযোগ সুবিধা বেশি পেতেন। বিপ্লবীরা জেলখানার এ বৈষম্য দূর করার সংগ্রামে নামেন। এ অবস্থায় সংগ্রাম ঠেকাতে জেল কর্তৃপক্ষ রাজবন্দীদের খোলামেলা অনেক বড় খাপড়াওয়ার্ড থেকে ১৪ নম্বর কনডেম সেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ওই সেলে যক্ষ্মা, কুষ্ঠ রোগে আক্রান্ত কয়েদি এবং ফাঁসি কার্যকরের তিন দিন আগে থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হতো এবং মারা যাওয়া কয়েদিদের ময়নাতদন্ত করা হতো। এ ছাড়া এর মূল উদ্দেশ্য ছিল রাজবন্দীদের একত্রে থাকতে না দেওয়া। তবে রাজবন্দীরা এ সেলে থাকতে রাজি না হওয়ায় তাঁদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।বিপ্লবী আবদুশ শহীদের মেয়ে শামীম আরা বলেন, বাংলাদেশ হয়ে ওঠার জন্য নয় মাসের মুক্তিযুদ্ধের বাইরে আরও ইতিহাস আছে, যা সবাইকে জানাতে হবে। তিনি ২৪ এপ্রিলের খাপড়াওয়ার্ড দিবসটিকে জাতীয়ভাবে পালনের আহ্বান জানান। আরেক বিপ্লবী প্রসাদ রায়ের মেয়ে বৃত্বা রায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫০ জনের মধ্যে এ দিবসটির নাম শুনেছেন এমন সংখ্যা দুই থেকে তিনজন।বিপ্লবী আমিনুল ইসলাম বাদশার মেয়ে নাজমা বেগম বলেন, ‘স্কুলে সবাই জানতে চাইত বাবা কী করে? আমি বলতাম, আমার বাবা জেল খাটে। সবাই ভাবত, বাবা চোর বা ডাকাত। তখন আমার বাবা যে কী, তা বুঝিয়ে বলতে পারতাম না।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বর্তমান প্রজন্ম জেলহত্যা বলতে ১৯৭৫ সালের ৩ নভেম্বরের কথা জানে। ইতিহাস সঠিকভাবে লিখলে আগে খাপড়াওয়ার্ডের কথা বলতে হবে।’ বর্তমানে যে ক্রান্তিকাল চলছে তা মোকাবিলায় অগ্নিযুগের বিপ্লবীদের অর্জনগুলো বর্ম হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন পঙ্কজ ভট্টাচার্য।শেখ মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও ‘বিপ্লবীদের কথা’ প্রকাশনার সম্পাদক শেখ রফিকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ভাষাসংগ্রামী আহমেদ রফিক, সাংবাদিক কামাল লোহানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ প্রমুখ।