উপরাষ্ট্রপতি পদে ইউপিএর প্রার্থী হামিদ আনসারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে শাসকজোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী হচ্ছেন বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।আজ শনিবার বিকেলে রাজধানী নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে ইউপিএর এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষে যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়। মুকুল রায় বৈঠকে আলাদাভাবে উপরাষ্ট্রপতি পদে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী এবং সাবেক তৃণমূল সাংসদ কৃষ্ণা বসুর নাম প্রস্তাব করেন। তবে তৃণমূলের এ প্রস্তাব খারিজ করে সর্বসম্মতিক্রমে হামিদ আনসারির নাম গৃহীত হয়।উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ আগস্ট। সর্বশেষ উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালের ৮ আগস্ট।হামিদ আনসারিকে ইউপিএ ছাড়াও বামদল, মুলায়ম সিংয়ের সমাজবাদী দল, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, নীতেশ কুমারের সংযুক্ত জনতা দল, দেব গৌড়ার ধর্মনিরপেক্ষ জনতা দলসহ আরও বেশ কয়েকটি দল সমর্থন জানিয়েছে। হামিদ আনসারি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি। একজন সফল কূটনীতিক হিসেবে অস্ট্রেলিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও ইরানে ভারতের রাষ্ট্রদূতের তিনি দায়িত্ব পালন করেছেন। উপরাষ্ট্রপতি হিসেবে তিনি গত পাঁচটি বছর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাই ভারতের ধর্মনিরপেক্ষতার ঝান্ডা তুলে রাখার জন্য ফের হামিদ আনসারিকেই প্রার্থী করেছে কংগ্রেস। হামিদ আনসারি উপরাষ্ট্রপতি হলে এটাই হবে ভারতে পরপর দুই মেয়াদে উপরাষ্ট্রপতি হওয়ার দ্বিতীয় দৃষ্টান্ত। এর আগে এই দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি সর্বপল¬ী রাধাকৃষ্ণান। ২০০৭ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিন জোটের তিন সংখ্যালঘু ব্যক্তি। কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএর প্রার্থী হয়েছিলেন হামিদ আনসারি, বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা বা এনডিএর প্রার্থী হয়েছিলেন রাজ্যসভার সাবেক ডেপুটি চেয়ারপারসন নাজমা হেপতুল্লা¬হ এবং তৃতীয় মোর্চা বা ইউএনপিএর প্রার্থী হয়েছিলেন সাংসদ রশিদ মাসুদ। মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টিসহ আটটি আঞ্চলিক দলের সমন্বয়ে গঠিত তৃতীয় ফ্রন্ট বা ইউএনপিএ সমর্থন জানিয়েছিল রশিদ মাসুদকে।ভারতের লোকসভায় রয়েছেন ৫৪৪ জন সদস্য আর রাজ্যসভায় রয়েছেন ২৩৮ জন সদস্য। এ দুই সংসদের সদস্যরাই ভোট দেবেন উপরাষ্ট্রপতি নির্বাচনে। সবমিলিয়ে ভোটার সংখ্যা ৭৮২ জন।