উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য কোটা সংরক্ষণ বৈধ
বিভিন্ন সার্ভিসে উপসচিব পদে নিয়োগের ক্ষেত্রে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৭৫ শতাংশ পদ সংরক্ষিত রাখা বৈধ বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি ফজলুল করিমের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল মঞ্জুর করে এ রায় দেন। পাশাপাশি অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য ৭০ শতাংশ পদ সংরক্ষিত রাখা বৈধ নয় বলে সিদ্ধান্ত দিয়েছেন আদালত। আপিলকারীদের আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, আদালত উপসচিব পদে প্রশাসন ক্যাডারের নিয়োগ ও পদোন্নতির জন্য ৭৫ শতাংশ কোটা সংরক্ষণ বৈধ বলে রায় দিয়েছেন। সরকারের আপিল মঞ্জুর করেছেন আদালত, তবে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবদের ক্ষেত্রে কোটা সংরক্ষণ অবৈধ ঘোষণা করা হয়েছে। মূল রিট আবেদনকারীর কৌঁসুলি কামরুল হক সিদ্দিকী বলেন, আদালত সরকারের আপিল আংশিক মঞ্জুর করেছেন। প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি জারি করা নীতিমালায় উপসচিব পদে নিয়োগের বা পদোন্নতির ক্ষেত্রে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৭৫ শতাংশ পদ সংরক্ষণ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে স্বাস্থ্য ক্যাডারের রফিউল ইসলাম ও তথ্য ক্যাডারের তৌহিদ উদ্দিন আহমেদ হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০২ সালের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট কোটা সংরক্ষণ সংবিধানপরিপন্থী ঘোষণা করে রায় দেন। সরকার এই রায়ের বিরুদ্ধে ২০০৩ সালে আপিল করে। আপিলের শুনানি শেষে আজ এ রায় দেওয়া হয়।