উপসচিব শেফিনা বেগমের ইন্তেকাল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (আইন শাখা) শেফিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ সোমবার সকালে তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বয়স ছিল ৪৫ বছর।মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত মোস্তফা ও জ্যেষ্ঠ সহকারী সচিব আবু সাঈদ মোল্লা জানান, গত বছরের ১৮ ডিসেম্বর থেকে শেফিনা বেগম সাভারের লোক-প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রতিদিন তিনি আজিমপুরের বাসা থেকে সেখানে যাতায়াত করতেন। দুই দিন ধরে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। আজ সকালে প্রশিক্ষণ চলাকালে দাঁড়ানো অবস্থায় পড়ে যান তিনি। এরপরই তাঁকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।বেলা আড়াইটায় লোক-প্রশাসনকেন্দ্র ও বিকেল পাঁচটায় সচিবালয়ে শেফিনা বেগমের জানাজা অনুষ্ঠিত হবে।শেফিনা বেগমের বাড়ি সাতক্ষীরায়। তাঁর স্বামী এস এম এনামুল কবীর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব।