রংপুরের পীরগাছা উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে কৈকুড়ী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নে প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবার জন্য চৌধুরানী বাজারের পাশে ইউনিয়ন পরিষদ-সংলগ্ন কৈকুড়ী ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রটি অবস্থিত। ব্রিটিশ আমলে টিনশেড ভবনে স্বাস্থ্যকেন্দ্রটি চালু হলেও পরে এটি দ্বিতল পাকা ভবনে রূপান্তরিত করা হয়। কিন্তু তারপর দীর্ঘ দিনেও এটি সংস্কার না করায় নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তা ছাড়া এখানে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী চিকিৎসক, একজন ফার্মাসিস্ট ও একজন পিয়ন থাকার নিয়ম থাকলেও এখানে একজন উপসহকারী চিকিৎসক ও একজন পিয়ন ছাড়া কেউ নেই। দীর্ঘ দিন ধরে চিকিৎসা কর্মকর্তা না থাকায় উপসহকারী চিকিৎসকই এখানকার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা। স্বাস্থ্য উপকেন্দ্র সূত্রে জানা যায়, এটি কৈকুড়ী ইউনিয়নের ১৯টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা। এলাকার হতদরিদ্র মানুষ ডায়রিয়া, আমাশয়, জ্বর, সর্দিকাশি ও পেটের পীড়াসহ বিভিন্ন রোগে এখানেই চিকিৎসা নিতে আসে। কিন্তু দীর্ঘ এক বছর ধরে এখানে চিকিৎসা কর্মকর্তা নেই। চিকিৎসা কর্মকর্তা সুলতানা বেগম এক বছর আগে এখান থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়ায় তখন থেকে পদটি শূন্য। এখানে একজন ফার্মাসিস্টের পদ থাকলেও দীর্ঘ দিন ধরে পদটি শূন্য রয়েছে। দুই বছর আগে ফজলুল হক নামের একজন ফার্মাসিস্ট এখান থেকে অন্যত্র বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য হয়। বর্তমানে এ স্বাস্থ্য উপকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা না থাকায় ফারুক হোসেন নামের একজন উপসহকারী চিকিৎসক (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) চিকিৎসাসেবা দিচ্ছেন। আর ফার্মাসিস্টের পদটি শূন্য থাকায় তার পরিবর্তে কাজ করছেন এখানকার এমএলএসএস (পিয়ন) সতীশ চন্দ্র। স্বাস্থ্য উপকেন্দ্রটির দ্বিতল ভবনের মেঝে ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে এটি ধসে পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ ছাড়া স্বাস্থ্য উপকেন্দ্রের দরজা-জানালাও ভাঙা। পানি সরবরাহের ট্যাংক চুরি হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে নানা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্য উপকেন্দ্রের চারপাশে কোনো সীমানাপ্রাচীর না থাকায় উপকেন্দ্রের বারান্দায় ও আশপাশে মদ, তাড়ি ও গাঁজার আসর বসে। ২১ মার্চ সরেজমিনে ওই স্বাস্থ্য উপকেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রচণ্ড রোগীর ভিড়। চিকিৎসা নিতে আসা কৈকুড়ী গ্রামের আজহার উদ্দিন (৪৮) বলেন, ‘পায়ের আঙ্গুলে ঘায়ের জন্য ঔষধ নিতে এসে ঔষধ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছি।’ আলাদিপাড়া গ্রামের আবদুল গনি বলেন, ‘দুই পায়ে ব্যথার জন্য ঔষধ নিতে আসছি। ডাক্তার আমাকে চারটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে বিদায় করলেন।’ মিরাপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী ফুয়ারা বেগম (২৫) বললেন, ‘স্যার, কয়েক দিন ধরে আমার জ্বর, সর্দি, কাশি ও প্রচণ্ড মাথা ব্যথা।’ এমন রোগের বর্ণনা শুনে ডাক্তার তাকে ছয়টি প্যারাসিটামল ট্যাবলেট ও ছয়টি হিস্টাসিন ট্যাবলেট দিয়ে বললেন, ‘একটা করে বড়ি দিনে তিনবার খাবেন।’ এভাবে একে একে প্রায় ৫০-৬০ জন রোগীকে বিদায় করা হয়। চৌধুরানী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য উপকেন্দ্রটি দীর্ঘ দিন সংস্কার না করায় এটি জরাজীর্ণ হয়ে পড়েছে। চৌধুরানী বাজারের ব্যবসায়ী আবুল বাসার বলেন, দীর্ঘ দিন ধরে এখানে চিকিৎসা কর্মকর্তা না থাকায় এলাকার মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। কৈকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মণ্ডল বলেন, এখানে একজন চিকিৎসা কর্মকর্তার পদ দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। এ পদটি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেক আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি। স্বাস্থ্য উপকেন্দ্রে নিয়োজিত উপসহকারী চিকিৎসক ফারুক হোসেন বলেন, এখানে একজন চিকিৎসা কর্মকর্তা ও ফার্মাসিস্টের পদশূন্যতাসহ স্বাস্থ্য উপকেন্দ্রের নানা সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী কৈকুড়ী ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে চিকিৎসকের পদ শূন্য থাকার কথা স্বীকার করে বলেন, শুধু ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রেই নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জনের স্থলে কাজ করছেন মাত্র দুজন চিকিৎসক। ফলে ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, চিকিৎসক-সংকটসহ স্বাস্থ্য উপকেন্দ্রের সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।