উপসাগরীয় এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসাগরীয় এলাকায় নৌ মহড়া চালানো-সংক্রান্ত প্রতিবেদন অস্বীকার করেছে ইরানের এক জ্যেষ্ঠ নৌ কমান্ডার। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে সব ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে ইরান। মাহমুদ মৌসাভি নামের ওই নৌ কমান্ডার ইরানের ইংরেজি ভাষার প্রেস টিভিকে বলেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে সব ধরনের ক্ষেপণাস্ত্রের মহড়া চালানো হবে।’ মৌসাভি বলেন, ‘আগামী দিনগুলোতে ভূমি থেকে সমুদ্রে, সমুদ্র থেকে সমুদ্রে, ভূমি থেকে আকাশে এবং কাঁধে বহনযোগ্য সব ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হবে।’ তবে আজ শনিবার ইরানের আধা সরকারি ফার নিউজ, প্রেস টিভি ও রাষ্ট্রীয় ইরনা নিউজ জানায়, উপসাগরীয় এলাকায় নৌ মহড়া চালানোর সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তেহরান।ফার নিউজ এজেন্সির খবরে বলা হয়, ‘পারস্য উপসাগরে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।’পরমাণু ইস্যুতে ইরানের তেল রপ্তানির ওপর অবরোধ আরোপের হুমকি দেয় পশ্চিমারা। এর পরিপ্রেক্ষিতে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পাল্টা হুমকি দেয়। একই সঙ্গে যেকোনো বিদেশি হামলা প্রতিরোধে তেহরানের সক্ষমতা প্রমাণে গত শনিবার উপসাগরীয় এলাকায় ১০ দিনের নৌ মহড়া শুরু করে ইরান।এদিকে, ইরানের অপর একটি আধা সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, পরমাণু আলোচনা শুরু করার জন্য তেহরানের পরমাণু মধ্যস্থতাকারীরা ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি চিঠি লিখবে।ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতির বরাত দিয়ে দেশটির আধা সরকারি মেহের নিউজ জানিয়েছে, নতুন করে পরমাণু আলোচনা শুরু করার জন্য তেহরানের আগ্রহের কথা জানিয়েছে ইরানের মধ্যস্থতাকারী সাঈদ জালিলি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাসটনকে চিঠি লিখবেন।জার্মানিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলীরেজা শায়েখ আতারের উদ্ধৃতির বরাত দিয়ে মেহের নিউজের খবরে বলা হয়েছে, ‘সমঝোতার ধরন নিয়ে জালিলি অচিরেই ক্যাথেরিন অ্যাসটনকে একটি চিঠি লিখবেন। এরপর গুরুত্বপূর্ণ শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনা শুরু হবে।’ গত জানুয়ারিতে ইরানের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী রাষ্ট্র ও জার্মানির (পি ৫+১) পরমাণু আলোচনা স্থগিত হয়ে যায়।