আজ রাতে চ্যানেল আইতে দেখানো হবে ধারাবাহিক নাটক ভার্সিটি। নাটকটি রচনা করেছেন শুভাশীষ সিনহা এবং পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। এতে অভিনয় করছেন লাক্স-চ্যানেল আই তারকা মাশিয়াত। কথা হলো তাঁর সঙ্গে।‘ভার্সিটি’ কী আপনার প্রথম ধারাবাহিক?এটিই আমার প্রথম ধারাবাহিক। অবশ্য সালাহউদ্দিন লাভলুর তিন পুরুষ নামের এক ঘণ্টার নাটকেও অভিনয় করেছিলাম। সেখানে অভিনয় করেছিলাম চঞ্চল চৌধুরীর বিপরীতে। বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছি। যেমন—সকাল আহমেদের টার্মিনাল, মাসুদ রহমানের ক্ষয়, এজাজ মুন্নার জেনারেশন নেক্সট, কায়সার আহমেদের আঁধার পেরিয়ে, জুয়েল মাহমুদের চুপ, আদালত চলছে, মুহাম্মদ মোস্তফা কামালের চাঁদের নিজের কোনো আলো নেই। ঈদের কয়েকটি এক ঘণ্টার নাটকেও অভিনয় করছি। এর মধ্যে নঈম ইমতিয়াজ নেয়ামুলের অতল যাত্রা এবং অঞ্জন আইচের না বলা নিষেধ উল্লেখযোগ্য। আমি আসলে ধারাবাহিকের কাজই বেশি করেছি। ওখানে খুব কম সময়ে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়।এই নাটকে কাজ করার অভিজ্ঞতা কেমন?খুব ভালো। লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার টপ টেনে থাকা অবস্থায় ক্যাম্পে একসঙ্গে আমরা অনেক মজা করেছি। প্রতিযোগিতা শেষে আমাদের অনেকের সঙ্গেই অনেক দিন কোনো দেখা নেই। ভার্সিটি নাটকের সুবাদে আবার আমরা একত্র হই। এটাও এক ধরনের ভালোলাগা। সবকিছু মিলিয়ে খুব মজা করে আমরা কাজটা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার বিভিন্ন ঘটনাই এ নাটকের গল্প। নিজেদের জীবনের সঙ্গে গল্পটা খুব মিলে গেছে। তাই মনেই হয়নি যে অভিনয় করছি। আমার চরিত্রটির নাম ছবি।‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার অনেকেই চলচ্চিত্রে অভিনয় করছেন। আপনার খবর কী?চলচ্চিত্র নিয়ে আপাতত ভাবছি না। তবে নাটকের পাশাপাশি উপস্থাপনার কাজটা নিয়মিত করছি। বর্তমানে দেশ টিভিতে চলছে ‘পেপসি চেঞ্জ দ্য গেম’ অনুষ্ঠানটি। এ ছাড়া বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনার কাজ চলছে।পড়াশোনার কী অবস্থা?আমি এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছি।