উপস্থাপনায় বালাম, জুলি
সংগীতবিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘জমবে এবার গানে গানে’ উপস্থাপন করছেন সহোদর কণ্ঠশিল্পী বালাম ও জুলি। সম্প্রতি এটিএন বাংলার জন্য নির্মিত অনুষ্ঠানটির উপস্থাপনায় অংশ নিয়েছেন বালাম ও জুলি। এটি দুই ভাইবোনের উপস্থাপনায় প্রথম কোনো টিভি অনুষ্ঠান। এ প্রসঙ্গে বালাম বলেছেন, ‘বরাবরই আমি গানের মানুষ। গান নিয়েই আমার যত কাজ। জমবে এবার গানে গানে অনুষ্ঠানের ভাবনাটা আমার ভালো লেগেছে। তাই উপস্থাপনা করতে রাজি হয়েছি। এখানে আমরা নিজেদের মতো করেই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি। আশা করছি, অনুষ্ঠানটি সবারই বেশ ভালো লাগবে।’ জুলি বলেন, ‘এর আগে কখনোই আমি উপস্থাপনার কাজ করিনি। কাজটি আমার কাছে নতুন মনে হয়েছে। তাই অন্য রকম একটা অভিজ্ঞতা অর্জন করলাম।’ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করে তারকা শিল্পী উপস্থিত থাকবেন। প্রত্যেক পর্বে অংশ নেবে চারটি গানের দল। প্রতি দলের সদস্য থাকবেন একজন মেয়ে ও ছেলে। জমবে এবার গানে গানে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এসএমএসের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে। এরপর বাছাই করা প্রতিযোগীদের কুইজে অংশ নিতে হবে। বিজয়ীদের মধ্য থেকে আটজন প্রতিযোগী অংশ নেবেন মূল অনুষ্ঠানে। এদের মধ্যে যে দল প্রথম হবে তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রতি শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে শিগগিরই প্রচার শুরু হবে।জমবে এবার গানে গানে অনুষ্ঠানটি পরিচালনা করছেন ইভা রহমান। আর প্রযোজনা করেছেন শম্পা মাহমুদ।