চ্যানেল আইয়ে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ফানুস। নাটকটি লিখেছেন মোহাম্মদ বদরুদ্দিন এবং পরিচালনা করেছেন লিটু সাখাওয়াত। এখানে অভিনয় করেছেন নওশীন। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?পাবনায় এসেছিলাম। একটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং ছিল। নাম অস্তিত্ব অনুভবে। ২৬ পর্বের। এখানে প্রচণ্ড গরম। এর মধ্যেই কাজ করতে করতে জ্বর হয়েছে। তাই ঢাকায় ফিরছি। সুস্থ হয়ে আবার কাজ করব। ‘ফানুস’ নাটকটি নিয়ে কিছু বলুন।এই নাটকের কাজ করতে গিয়ে পরিচালক কোনোভাবেই আমার আর হুমায়ুন ফরীদির শিডিউল মেলাতে পারছিলেন না। দুজনের কাজ একসঙ্গে করতে গিয়ে পরিচালককে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। এখানে আমি আর চৈতি দুই বোন। আমি একটু বোকা ধরনের। তা নিয়ে নানা ঘটনা ঘটতে থাকে। সেগুলো কখনো বেশ মজার হয়, আবার কখনো কষ্টের।নতুন আর কিছু করছেন?আরটিভির ‘জেগে আছো কি?’ অনুষ্ঠানটি আবার উপস্থাপনা করব। কাল শনিবার থেকে দর্শক আবার আমাকে এ অনুষ্ঠানে দেখতে পাবে। মাঝে অনুষ্ঠানটি ছেড়ে দিয়েছিলাম। তখন ভেবেছিলাম, কাজ কম করব কিংবা করব না। পরে অবশ্য সিদ্ধান্তটা পাল্টেছি। এখন উপস্থাপনার কাজটা সিরিয়াসলি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এদিকেই বেশি মনোযোগ দেব। কথাবন্ধুর কাজের যে আনন্দ, সেটা আসলেই অন্য রকম। এর বাইরে আমি কয়েকটি নাটকে কাজ করলাম। পঁচিশে বৈশাখ উপলক্ষে আপদ নামের একটি নাটকে কাজ করেছি। এখানে হিরণ্ময়ী চরিত্রে আমি অভিনয় করেছি।চলচ্চিত্রে অভিনয়ের খবর কী?শুয়া চান পাখি ছবির শুটিং এখনো কিছুটা বাকি আছে। তবে ছবিটির কাজ কবে শেষ হবে, তা পরিচালকই ভালো বলতে পারবেন। পরিচালক সামনে আবার নতুন করে শিডিউল নেবেন, তখন কাজটা করব।