উপস্থাপনায় ‘দূরবীন’-এর শহীদ
এবার উপস্থাপনার খাতায় নাম লেখালেন দূরবীন ব্যান্ডের দলনেতা ও কণ্ঠশিল্পী শহীদ। এবারের পয়লা বৈশাখে একটি ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দেখা যাবে তাঁকে। ‘এলো বৈশাখ’ শিরোনামের এ অনুষ্ঠানটি পয়লা বৈশাখ রাত সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। নাচ, গান, কৌতুক প্রভৃতি বিষয় নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। গত শনিবার বিটিভির তিন নম্বর স্টুডিওতে অনুষ্ঠানটির শুটিং হয়েছে।উপস্থাপনা প্রসঙ্গে শহীদ বলেছেন, ‘আমি গানের মানুষ। তবে পছন্দের কিছু মানুষের অনুরোধ রাখতে গিয়ে উপস্থাপনাটি করলাম।’ শহীদ আরও বলেন, ‘উপস্থাপনার কাজটা মোটেও সহজ ছিল না। তবে কাজটি করতে গিয়ে অন্য রকম অভিজ্ঞতা হয়েছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’এলো বৈশাখ অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন আনজীর লিটন। প্রযোজনা করেছেন শফিউদ্দিন শিকদার। শহীদের উপস্থাপনায় এ অনুষ্ঠানে নাচ, গানের পাশাপাশি বৈশাখ নিয়ে নানা তথ্য, প্রামাণ্যচিত্র এবং নাটিকাও রয়েছে। অনুষ্ঠানে গান করেছেন সুবীর নন্দী, মমতাজ, কুদ্দুস বয়াতী এবং ফিডব্যাক। নৃত্যে অংশ নিয়েছেন সোহেল, শখসহ আরও অনেকে। পয়লা বৈশাখ উপলক্ষে শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে আসছে শহীদের নতুন মিউজিক ভিডিও। তাঁর সর্বশেষ একক গানের অ্যালবাম ‘নীলাম্বরী’ থেকে ‘নীলাম্বরী’ শিরোনামের গানটি নিয়ে তৈরি করা হয়েছে এই ভিডিওটি। এটি নির্মাণ করেছেন জিয়াউদ্দীন আলম। এর আগে কলকাতার শুভমিতার সঙ্গে শহীদের গাওয়া ‘এক জীবন’ ও ‘ভাবনা নদী’ শিরোনামের গানের মিউজিক ভিডিও দুটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে।