উপস্বাস্থ্যকেন্দ্রগুলো চলছে কোনোমতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার ১২টি উপস্বাস্থ্যকেন্দ্রের কোনোটিতেই প্রয়োজনীয় লোকবল নেই। চিকিৎসাসেবার মানও তেমন ভালো নয়। ২ মার্চ সরেজমিনে দুমকি উপজেলার লেবুখালী উপস্বাস্থ্যকেন্দ্রে দেখা যায়, আশপাশের এলাকা থেকে মানুষ চিকিৎসাসেবা নিতে এসে ভিড় করেছে। তাদের একজন লেবুখালী গ্রামের নার্গিস আক্তার (১৯)। তাঁর দুই মাস বয়সের শিশুসন্তান আবদুল্লাহকে নিয়ে এসেছেন জ্বর ও সর্দি-কাশির চিকিৎসা নিতে। তিনি জানান, চিকিৎসক তাঁকে বলেছেন শিশুটির যে ওষুধ দরকার, তা এখানে নেই। তাই তিনি ব্যবস্থাপত্র নিয়ে ফিরে যাচ্ছেন। কার্তিকপাশা গ্রামের হাফিজা বেগম (২৪) ও তাঁর স্বামী নাসির উদ্দিন চার বছরের মেয়ে নাসরিনকে নিয়ে এসেছেন জ্বর ও চুলকানির চিকিৎসা নিতে। তাঁদের কয়েকটি প্যারাসিটামল ট্যাবলেট ও খাবার স্যালাইন দেওয়া হয়েছে। উপস্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রয়োজনীয় আসবাবপত্র নেই, নেই বিদ্যুৎ সংযোগ। কেন্দ্রের ফার্মাসিস্ট মো. আলতাফ হোসেন শিশু থেকে শুরু করে সব বয়সের রোগীকে চিকিৎসাসেবা দিচ্ছেন। তিনি জানান, এ কেন্দ্রে চিকিৎসা সহকারী মো. শহিদুল ইসলাম মাঠ পরিদর্শনে গেছেন। ওষুধ যা সরবরাহ পাওয়া যায়, তা দিয়েই এখানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পটুয়াখালী সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) মো. আবু সুফিয়ান বলেন, ‘জেলায় চিকিৎসকসহ জনবল সংকট প্রকট। এ কারণে জেলাবাসীকে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দেওয়া খুবই কষ্টসাধ্য।’