উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারসহ তাঁদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান বরাবর ডাকযোগে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়। আজ রোববার বেলা দেড়টার দিকে উপাচার্য ওই চিঠিটি হাতে পান।চিঠিটিতে বলা হয়, ‘অবিলম্বে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং শিবিরকে ক্যাম্পাসে ঢুকতে দিতে হবে। অন্যথায় উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারসহ তাঁদের পরিবারের সদস্যদের অধ্যাপক ইউনুসের মতো ভাগ্যবরণ করতে হবে।’ চিঠির নিচে জেএমবি লিখে স্বাক্ষর করা আছে।উলে¬খ্য, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রবীণ অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে নৃশংসভাবে খুন করা হয়।চিঠিটি ২ জুন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর বাজার থেকে পোস্ট করা হয়েছে। এ ব্যাপারে নগরের মতিহার থানায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপাচার্য এম আবদুস সোবহান বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি দিয়ে দুর্বল করার চেষ্টা করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।এ ব্যাপারে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব পাওয়া অনেক নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁদের কাউকেই পাওয়া যায়নি।প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবিরের নৃশংস হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারুক হোসেন খুন হন। ওই হামলায় পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী আহত হন।এসব ঘটনায় মতিহার থানায় ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রলীগের পক্ষ থেকে ১২টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এসব মামলায় ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। ওই হামলার পর থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রায় সব নেতা-কর্মী ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে রয়েছেন।