ভাসানী বিশ্ববিদ্যালয়ে পুলিশের লাঠিপেটা
উপাচার্য অবরুদ্ধ, খাদ্যপ্রযুক্তি বিভাগের পাঠদান বন্ধ
টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রকৌশল ডিগ্রির দাবিতে গতকাল মঙ্গলবার প্রশাসনিক ভবনে উপাচার্য, সহ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে শিক্ষার্থীদের হটিয়ে দিয়ে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে। এ সময় ১০ জনকে আটক করা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক প্রথম আলোকে জানান, খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই বিভাগের শিক্ষার্থীদের গতকাল সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ যথারীতি খোলা থাকবে।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁরা যে পাঠ্যসূচি অনুযায়ী লেখাপড়া করেন, তার বেশির ভাগই প্রকৌশল বিষয়-সম্পর্কিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের পাঠ্যসূচি পড়িয়ে প্রকৌশল ডিগ্রি দেওয়া হয়। তাই তাঁরা প্রকৌশল ডিগ্রির জন্য তিন মাস আগে থেকে আন্দোলন করে আসছিলেন।গতকাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দাবি আদায়ের জন্য বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। এতে উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অবস্থান নেয়। পুলিশ শিক্ষার্থীদের ঘিরে ফেললে শিক্ষার্থীদের অনেকেই নিজেদের গায়ে পেট্রল ঢেলে দেন। তখন পুলিশ তৎপর হলে তাঁরা গায়ে আগুন লাগিয়ে দেবেন বলে হুমকি দেন। অবরুদ্ধ উপাচার্য, সহ-উপাচার্যসহ শিক্ষকেরা প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে এসে শিক্ষার্থীদের সঙ্গে রোববার আলোচনার প্রস্তাব দেন। কিন্তু শিক্ষার্থীরা গতকালই প্রকৌশল ডিগ্রি ঘোষণার দাবি জানান। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ফজলুর রহমান খান এসে শিক্ষার্থী ও উপাচার্যের সঙ্গে কথা বলেন এবং রোববার এ বিষয়ে আলোচনা হবে বলে শিক্ষার্থীদের জানান। শিক্ষার্থীরা তাঁর এ প্রস্তাবও নাকচ করে দেন।বেলা তিনটার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাজুল ইসলাম এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার একপর্যায়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় তিনি সাংবাদিকদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেন। সাংবাদিকেরা এর প্রতিবাদ করেন। বিকেল পৌনে চারটায় দমকল বাহিনীর দুটি গাড়ি থেকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর পানি নিক্ষেপ করা হয়। পুলিশও লাঠিপেটা শুরু করে। এ সময় অন্তত ৩০ জন লাঠিপেটার শিকার হন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। শিক্ষার্থীরা সেখান থেকে চলে যাওয়ার পর অবরুদ্ধ উপাচার্যসহ সবাইকে পুলিশ উদ্ধার করে। ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ভাঙচুর চালান।ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জমরুদ হোসেন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের গ্রেপ্তার হওয়া ১০ শিক্ষার্থী হলেন দ্বিতীয় বর্ষের বাবুকান্ত সেন, রনি, আক্তারুজ্জামান, নিসাদুর রহমান, তৃতীয় বর্ষের রিয়াজুল হাসান, হোসাইন মোহাম্মদ, রানা আহমেদ ও আতিকুল আজমান, চতুর্থ বর্ষের মাহবুব হাসান ও সেফাত মোহাম্মদ আরেফিন। তাঁদের সদর থানাহাজতে রাখা হয়েছে। এ ছাড়া অন্যান্য বিভাগের আটক হওয়া সাতজনকে প্রক্টর রাতেই টাঙ্গাইল থানা থেকে ছাড়িয়ে এনেছেন বলে জানা গেছে।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, পুলিশ সকাল থেকে ধৈর্য ধারণ করেছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশে তৎপরতা চালাতে বাধ্য হয় এবং অবরুদ্ধ উপাচার্যসহ অন্যদের বের করে আনে।