উপাচার্য ও আন্দোলনকারীদের পাল্টা সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত দুই শিক্ষকের অবস্থার উন্নতি হয়েছে। এদিকে আজ শুক্রবার উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়া এবং আন্দোলনের নেতৃত্বাধীন শিক্ষকেরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত শনিবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের ব্যানারে বহিরাগতরা হামলা চালালে দুই শিক্ষকের চোখে মাইকের ব্যাটারির অ্যাসিড ছিটকে পড়ে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নম্বর কক্ষে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান ৩০ নম্বর কক্ষে চিকিত্সাধীন। আজ তাঁদের দুজনের চোখের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করা হয়েছে।হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান মো. ফজলুল হক প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের দুজনের অবস্থা আগের থেকে অনেক ভালো। এখন তাঁরা আশঙ্কামুক্ত।এদিকে আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উপাচার্যের বাসভবনে উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়া টানা আন্দোলনের এক সপ্তাহের মধ্যে এই প্রথম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উপাচার্য বলেন, ‘কয়েকজন শিক্ষক মিথ্যা অপবাদ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে নামায়। আমি আমার অবস্থান থেকে কখনোই পিছপা হব না।’ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা এই শীতের রাতে আমরণ অনশনে কষ্ট পাবে বলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। আন্দোলনরত শিক্ষকদের আনা অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেন, বিশ্ববিদ্যালয়ে টানা কয়েক দিনের অচলাবস্থা ও হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করবেন। তবে কবে নাগাদ কমিটি গঠন করা হবে, এর কোনো সঠিক দিন জানা যায়নি। অন্যদিকে বেলা সাড়ে তিনটায় একটি হোটেলে আন্দোলনরত শিক্ষকেরা পাল্টা এক সংবাদ সম্মেলন করেন। আন্দোলনরত শিক্ষকদের মধ্যে অন্যতম শিক্ষক গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, ‘উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার পদত্যাগ ছাড়া আমরা পিছপা হব না। উপাচার্য পদত্যাগ না করলে যেদিন বিশ্ববিদ্যালয় খুলবে, সেদিন থেকেই পুনরায় আমরণ অনশন শুরু করা হবে।’ তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটে ছাত্রলীগের ব্যানারে বহিরাগতদের হামলায় দুই শিক্ষকের আহতের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।অন্যদিকে আগামীকাল শনিবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।গতকাল সকালে ছাত্রলীগের একদল ‘বহিরাগত’ কর্মী আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তাঁরা অবস্থান ধর্মঘটে ব্যবহূত মাইক ভাঙচুর করেন। এ সময় মাইকের ব্যাটারির অ্যাসিড ছিটকে আন্দোলনরত দুই শিক্ষকের চোখে পড়ে। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর শিক্ষকেরা উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন এবং সন্ধ্যা থেকে আমরণ অনশন শুরু করেন। রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রাত ১২টার দিকে পুলিশ শিক্ষক-শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলে। পরে তাঁরা অনশনস্থল ত্যাগ করে চলে যান।