জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে ভূমিকা রাখায় বিশ্ববিদ্যালয়ের আচার্য ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধসহ তিনটি সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক সমিতির সদস্যরা। গতকাল শনিবার শিক্ষক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকেরা নিয়মবহির্ভূতভাবে সভা আহ্বান করাসহ বিভিন্ন অভিযোগে শিক্ষক সমিতির সভা বর্জন করে সমিতির সভাপতি ও সম্পাদকের পদত্যাগের দাবি জানিয়েছেন।অন্যদিকে বর্তমান উপাচার্যের কাছে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা তাঁদের আট দফা দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিচারসহ তিনটি দাবি জানাবেন বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আন্দোলনকারী শিক্ষকেরা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন। লিখিত বক্তব্যে তিনি উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের বিষয়ে সরকারের পদক্ষেপকে স্বাগত জানান এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুনকে লাঞ্ছনার ঘটনার বিচার, ক্যাম্পাস থেকে বিতাড়িত দুই শতাধিক শিক্ষার্থীর নিরাপদ সহাবস্থানসহ স্বাধীন মতপ্রকাশের ব্যবস্থা গ্রহণ, অযোগ্য শিক্ষক ও গণনিয়োগ বন্ধ, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ, ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষা এবং ১৯৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য প্যানেলসহ অন্যান্য প্রশাসনিক পদে নির্বাচনের দাবি জানানো হবে বলে জানান। এ ছাড়া সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিচার, সাংস্কৃতিক কর্মীদের মারধরের বিচার এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়ার দাবি জানানোর কথা বলা হয়।বেলা তিনটায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা করে শিক্ষক সমিতি। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন। সভায় বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন, অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়ায় অসন্তোষ প্রকাশ এবং যদি সুযোগ থাকে, তবে বর্তমান উপাচার্য নিয়োগটি পুনর্বিবেচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের অনুরোধ এবং সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।একই সময়ে শিক্ষক সমিতির সাধারণ সভা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনে সভা করেন প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকেরা। পরে তাঁরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযোগ করে বলেন, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এ ছাড়া শিক্ষক সমিতির গঠনতন্ত্র মোতাবেক ২৪ ঘণ্টা সময় না দিয়ে সভা আহ্বান করায় সভাটি গঠনতন্ত্রের পরিপন্থী। সমিতির সভাপতি ও সম্পাদক শিক্ষক সমিতির নেতৃত্বদানের নৈতিক অধিকার হারিয়েছেন উল্লেখ করে তাঁরা তাঁদের পদত্যাগের দাবি জানান। এ ছাড়া তাঁরা আচার্যকে ধন্যবাদ জানান এবং নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে অভিনন্দন জানান।প্রগতিশীল শিক্ষক সমাজের সম্পাদক অধ্যাপক অসিত বরণ পাল বলেন, নিয়মবহির্ভূতভাবে শিক্ষক সমিতির সভা আহ্বান করা হয়েছে। তাই শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নয়জন নির্বাচিত সদস্যসহ সবার মাধ্যমে সমিতির সভাপতি ও সম্পাদকের পদত্যাগের দাবি জানানো হয়েছে।শিক্ষক সমিতির সম্পাদক মো. শরীফ উদ্দিন বলেন, গঠনতন্ত্রের নিয়ম মেনেই শুক্রবার দুপুরে সভার বিষয়ে সবাইকে অবহিত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন গতকাল সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোকে বলেন, সবার সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মতামতের ওপর ভিত্তি করে এবং আলোচনার মধ্য দিয়ে তাঁদের দাবির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।