জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকসমাজ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে এবার সাধারণ শিক্ষার্থীদের একটি অংশও উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবি তুলেছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল রোববার শিক্ষকসমাজ, সাংস্কৃতিক জোট ও সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে শিক্ষক-শিক্ষার্থী সংহতি মঞ্চ গড়ে তুলেছেন। এর ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পতন আন্দোলন আরও তীব্র হয়েছে। এ ছাড়া গতকাল পদত্যাগ করেছেন বিজনেস অ্যান্ড স্টাডিজ অনুষদের ডিন সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল বায়েস। বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী প্রভাবশালী শিক্ষক হিসেবে তিনি পরিচিত। বর্তমান প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় না থাকায় তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অনেকেই। তবে অধ্যাপক আবদুল বায়েস প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকালও মিছিল-সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এদিকে, মারধরের শিকার সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা আশুলিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতে মারধরের ভয়ে হলে ফেরেননি অর্ধশতাধিক সাংস্কৃতিক কর্মী। বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন স্থানে রাত কাটিয়েছেন তাঁরা। গতকাল সন্ধ্যায় তৈরি সংহতি মঞ্চ থেকে মিছিল ও সমাবেশ হয়েছে। এই মঞ্চ থেকে উপাচার্যের পদত্যাগসহ অন্যান্য দাবিতে আজ সোমবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও পয়লা মে সাংস্কৃতিক কর্মী ও শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি করা হয়েছে। গতকাল সচিবালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও জোটনেতা গোলাম কুদ্দুস, মান্নান হীরা, হাসান আরিফ ও ঝুনা চৌধুরী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করে এই দাবি করেন এবং জাহাঙ্গীরনগরের উদ্ভূত পরিস্থিতির জন্য উদ্বেগ জানান। তাঁরা অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার দাবি জানান। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে সাংস্কৃতিক জোটের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী। এ সময় ‘যে ভিসি ছাত্র মারে, সেই ভিসি চাই না’, ‘যে ভিসি সন্ত্রাসী পালে, সে ভিসি চাই না’ স্লোগান দেওয়া হয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করা হয়। শিক্ষক-শিক্ষার্থী সংহতি মঞ্চ গঠন: উপাচার্যের পতনের লক্ষ্যে গতকাল উপাচার্যের বাসভবনের সামনে দুপুরে গঠিত সংহতি মঞ্চে শিক্ষকদের পক্ষ থেকে চারজন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচজন নিয়ে সমঝোতা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি উপাচার্যের পতনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সমঝোতার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে। আজ সকাল ১০টায় তাঁদের কর্মসূচি হিসেবে অমর একুশের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা উপাচার্যের বাসভবনের মূল ফটকে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। অপরদিকে উপাচার্যকে বাসভবন থেকে বের হওয়া এবং চলাফেরায় সহযোগিতার লক্ষ্যে ভবনের অপর ফটকে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন উপাচার্যপন্থী শিক্ষকেরা। মামলা নেয়নি পুলিশ: সাংস্কৃতিক নেতা-কর্মীদের মারধরের ঘটনায় উপাচার্যপন্থী হিসেবে পরিচিত ছাত্রলীগের কর্মী শেখ শরিফুল ইসলাম, মাহতাব মেহেদি, সাইফুল ইসলামসহ ১৫ জনের নাম উল্লেখ করে শনিবার সন্ধ্যায় আশুলিয়া থানায় মামলা করতে যান সাংস্কৃতিক জোটের কর্মীরা। তাঁরা অভিযোগ করেন, এ সময় তাঁদের উপস্থিতিতেই থানা থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মামলা না নিয়ে তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়।এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম প্রথম আলোকে বলেন, ঘটনার স্থান, সময়সহ সঠিকভাবে আবেদন না করায় মামলা হিসেবে না নিয়ে বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। এদিকে সাংস্কৃতিক কর্মী মারধরের ঘটনায় ছাত্রদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা অনুযায়ী প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।