উপাচার্য হবেন অভিজ্ঞ শিক্ষক, ক্ষমতা বাড়ছে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া-সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়ার মূল ক্ষমতা দেওয়া হচ্ছে উপাচার্যের হাতে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা হচ্ছে সরকার মনোনীত ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন করে প্রতিনিধি। এ ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় যুক্তির বাইরে ইচ্ছেমতো ছাত্র-বেতন ও ফি নির্ধারণ করতে পারবে না। ছাত্র-বেতন নির্ধারণের আগে তা ইউজিসির মাধ্যমে অনুমোদন করিয়ে নিতে হবে।দীর্ঘ প্রায় আট বছরের টানাপোড়েন শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে আইনটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে উত্থাপিত হতে যাচ্ছে, তাতে এসব নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের তৃতীয় দফা মতামত শেষে গত রোববার প্রস্তাবিত আইনটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার আইনটি শিক্ষা মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।এর আগে গত নভেম্বরে মন্ত্রিসভায় আইনটি নীতিগত এবং গত জানুয়ারিতে চূড়ান্ত অনুমোদন লাভ করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকপক্ষ আগের মতোই আইনটি প্রত্যাখ্যান করেছে। আট বছর ধরেই বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠনটি নতুন আইন প্রণয়নের বিরোধিতা করে আসছে।২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ চূড়ান্ত করলেও তা বর্তমান জাতীয় সংসদ অনুমোদন করেনি। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেছিলেন, বিষয়টি নিয়ে অধিকতর আলাপ-আলোচনা ও পর্যালোচনার জন্য অধ্যাদেশটি আইনে পরিণত করা হয়নি। গত এক বছরের পর্যালোচনা শেষে এখন মন্ত্রী মনে করছেন, আইনটি যে পর্যায়ে আছে, তাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ ও মান বাড়বে।সিন্ডিকেটে সরকার ও ইউজিসির প্রতিনিধি: নতুন আইনে সরকার ও ইউজিসির দুজন প্রতিনিধি সিন্ডিকেটের সদস্য হবেন। এর যুক্তি সম্পর্কে জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নয় বা ১১ জন সদস্য থাকবেন। এর মধ্যে সরকার ও ইউজিসির মনোনীত দুজন সদস্য তো আর নীতিনির্ধারণ বা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাঁরা বড়জোর কোনো সিদ্ধান্তের বিষয়ে একমত না হলে লিখিত আপত্তি দিতে পারবেন।বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির চেয়ারম্যান ও সাবেক সচিব সি এম শফি সামি প্রথম আলোকে বলেন, ইউজিসি নিয়ন্ত্রণকারী সংস্থা। কিন্তু সিন্ডিকেটে ইউজিসির প্রতিনিধি থাকার অর্থ বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও যুক্ত হওয়া। সারা দুনিয়ায় বেসরকারি প্রতিষ্ঠানের ওপর সরকারের নিয়ন্ত্রণ কমে আসছে। কিন্তু এই আইনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।বেতন ও ফি নির্ধারণের আগে অনুমোদন লাগবে: প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে ছাত্র ফি ও বেতন নির্ধারণ করতে হবে। এরপর ইউজিসির অনুমোদন নিতে হবে। এ বিষয়ে সমিতির নেতারা বলেছেন, বেতন ও ফি নির্ধারণের বিষয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এখতিয়ার।তবে ইউজিসির চেয়ারম্যান বলেন, কে কত টাকা নিচ্ছে এবং এর বিনিময়ে কী ধরনের শিক্ষা দিচ্ছে, তা সরকার বা ইউজিসিকে জানাতে হবে। কারণ, কোনো সমস্যা হলে ভুক্তভোগী শিক্ষার্থী বা অভিভাবক তো সরকারের কাছেই যাবেন।উপাচার্যের ক্ষমতা: প্রস্তাবিত আইন অনুযায়ী উপাচার্য হবেন সিন্ডিকেটের প্রধান। লেখাপড়ার বিষয়ে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর। এতে বলা হয়েছে, উপাচার্য হতে হলে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ গবেষণা ও প্রশাসনিক কাজে মোট ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদের যোগ্যতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর ফলে ব্যবসায়ী, আমলা বা মালিকের পরিবারের কোনো সদস্য বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পদগুলোতে অধিষ্ঠিত হতে পারবেন না।তবে মালিকপক্ষ উপাচার্যকে ক্ষমতা দেওয়ার বিষয়টিকে ঝুঁকি হিসেবে দেখছেন। গত ২৩ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, দায়িত্ব ও আর্থিক দায়ভার দুটি কর্তৃপক্ষের ওপর ন্যস্ত করায় বিশ্ববিদ্যালয় পরিচালনায় অচলাবস্থা তৈরি হবে।শাখা ক্যাম্পাস থাকবে না: এ মুহূর্তে সরকার শাখা ক্যাম্পাস বন্ধ রেখেছে। গুটিকয়েক প্রভাবশালী বিশ্ববিদ্যালয় গায়ের জোরে বা মামলা ঠুকে দিয়ে অবৈধভাবে শাখা ক্যাম্পাস চালু রেখেছে। ইউজিসি চেয়ারম্যান বলেছেন, শাখা ক্যাম্পাস আগেও বৈধ ছিল না, এখনো বৈধ নয়। প্রস্তাবিত আইনেও সনদ বিক্রির জন্য শাখা ক্যাম্পাসের বৈধতা দেওয়া হবে না। তবে একই মালিকানায় মূল বিশ্ববিদ্যালয়ের বাইরে একই বা ভিন্ন নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা যাবে। সে ক্ষেত্রে মূল বিশ্ববিদ্যালয়ের গুণ ও মান আগে বিবেচনা করা হবে। দূরশিক্ষণ প্রসঙ্গ: শিক্ষা মন্ত্রণালয় এ মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কেন্দ্র বন্ধ রেখেছে। প্রস্তাবিত আইনে দূরশিক্ষণ সম্পর্কে কিছু থাকছে না। তবে প্রয়োজনে বিধি প্রণয়ন করে দূরশিক্ষণ দেওয়ার মতো সুযোগ থাকবে।বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শাখাই সরকার অনুমোদিত নয়। ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৪টি শাখা কালো তালিকাভুক্ত করলেও এসব শাখার বেশির ভাগই ছাত্র ভর্তি করছে। সংবাদমাধ্যমে ছাত্রভর্তির বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনেক শাখা। প্রস্তাবিত আইনে শর্তসাপেক্ষে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকেরা বলছেন, এ দেশে যাঁরা বিশ্ববিদ্যালয় গড়তে চান, তাঁদের পদে পদে বাধা দিয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের এ দেশে শাখা খোলার আইনি সুযোগ দেওয়ার বিষয়টি বৈষম্য তৈরি করবে। তবে ইউজিসির চেয়ারম্যান বলেন, আইন ও শর্ত মেনে যদি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় এ দেশে উচ্চশিক্ষা কার্যক্রম চালাতে চায়, তাদের বাধা দেওয়ার সুযোগ নেই। শাস্তির মাত্রা বাড়বে: বিদ্যমান আইনে অপরাধের জন্য তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান আছে। প্রস্তাবিত আইনে তা যথাক্রমে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান করা হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী নবায়নসহ নির্ধারিত সময়সীমার মধ্যে সনদপত্র গ্রহণ না করলে সরকার ওই বিশ্ববিদ্যালয়কে সাময়িক স্থাপন ও পরিচালনার অনুমতি বাতিলসহ বন্ধ ঘোষণা করতে পারবে।একযুগ ধরে স্থায়ী হওয়ার চেষ্টা করা যাবে: বিদ্যমান আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদের মেয়াদ পাঁচ বছর। এই মেয়াদ নবায়নের বিধান নেই। এর ফলে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৮টির বৈধতার মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। নতুন আইনে সাময়িক সনদের মেয়াদ পাঁচ বছরের বদলে সাত বছর করা হয়েছে। আরও পাঁচ বছর পর্যন্ত সাময়িক সনদ নবায়নের বিধান রাখা হয়েছে। এর ফলে স্থায়ী সনদ অর্জনের জন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এক যুগ সময় পাবে।ঢাকা ও চট্টগ্রামে এক একর: বিদ্যমান আইনে স্থায়ী সনদপ্রাপ্তির জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাঁচ একর জমি থাকতে হবে। কিন্তু মহানগর এলাকায় একসঙ্গে এত জমি পাওয়া যায় না। এই পরিপ্রেক্ষিতে নতুন আইনে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে জমির পরিমাণ এক একর নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেশের অন্যান্য এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হলে দুই একর জমি থাকলে চলবে।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও ভবনাদির নকশা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পূর্বানুমোদিত হতে হবে।