উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ, বিশ্ববিদ্যালয় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, স্বজনপ্রীতি ও আত্মীয়করণের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের একাংশ। আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছে পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগ।আজ রোববার সকালে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যকে তাঁর কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মচারীরা প্রশাসন ভবন ঘেরাও করেন। পরে তাঁরা মানববন্ধন করতে চাইলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। এ সময় কর্মচারীরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের মূল সাইনবোর্ডে ‘ব্ল্যাক হাউস’ পোস্টার লাগিয়ে ভবনটি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যকে অবরুদ্ধ ও প্রশাসন ভবনের সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়ে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর পদত্যাগ দাবি করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।বিক্ষুব্ধ শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের নেতারা জানান, উপাচার্য মো. মোজাফফর হোসেন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আত্মীয়করণ শুরু করেছেন। এরই মধ্যে তিনি নিজ এলাকার ২২ জনকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ দিয়েছেন। তাঁদের মাধ্যমে তিনি বিভিন্ন ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ লোপাট করছেন। তিনি অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের অর্থে নিজের পরিবারকে উচ্চমানে পরিচালিত করছেন। ঠিকাদারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজে অনিয়মের সুযোগ করে দিয়েছেন। সম্প্রতি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নির্মাণকাজ পরিদর্শনে এসে নাখোশ হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। এসব বিষয়ে জানতে উপাচার্য মো. মোজাফফর হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি পাওয়া যায়নি।তবে বিশ্ববিদ্যালয়ে এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উপাচার্য এই আন্দোলনকে তোয়াক্কা করছেন না। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন।প্রসঙ্গত, উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আত্মীয়করণের অভিযোগ তুলে গত শুক্রবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন।