উপাচার্যকে ঢুকতে দেননি আন্দোলনকারীরা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের বাধার মুখে প্রধান ফটক থেকে ফিরে গেলেন উপাচার্য সিরাজুল করিম চৌধুরী। আজ শুক্রবার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে আন্দোলনকারীদের বাধার মুখে আধা ঘণ্টা ফটকের বাইরে থেকে তিনি ফিরে যান।আজ ছুটির দিনেও ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করেছেন ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। এক শিক্ষার্থীর ফলাফল পরিবর্তনের অভিযোগে গত ২৬ নভেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের এ আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য আসবেন—এই খবর পেয়ে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন আন্দোলনরত ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। বেলা ১১টা ১০ মিনিটে নিজেই গাড়ি চালিয়ে প্রধান ফটকের সামনে গিয়ে দাঁড়ান উপাচার্য সিরাজুল করিম চৌধুরী। এরপর প্রধান ফটক দিয়ে ঢুকতে চাইলে আন্দোলনকারীরা প্রবেশপথের দরজা বন্ধ করে বিপরীত পাশ থেকে উপাচার্যবিরোধী স্লোগান দিতে থাকেন। উপাচার্য কয়েক দফা চেষ্টা করে ভেতরে ঢুকতে পারেননি। উপাচার্যের স্ত্রীও ক্যাম্পাসে ঢুকতে চান। কিন্তু আন্দোলনকারীরা তাঁকে বাধা দেন। এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন রুয়েটের রেজিস্ট্রার আবুল বাশার।ঘটনাস্থলে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) শাহ গোলাম মাহমুদ, সহকারী কমিশনার (এসি-মতিহার) আবুল হাসনাতের নেতৃত্বে অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে উপ-উপাচার্য মর্ত্তুজা আলীকে দেখা যায়নি।উপাচার্য স্ত্রীসহ প্রায় আধা ঘণ্টা প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকেন। এরপর রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু সরকার গিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের পক্ষ থেকে তাঁকে ফিরে যেতে অনুরোধ জানান। মেয়রের মধ্যস্থতায় শান্তিপূর্ণ সমাধানের পর ক্যাম্পাসে ঢোকার জন্য তিনি উপাচার্যকে আহ্বান জানান। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে উপাচার্য তাঁর গাড়ি নিজে চালিয়ে ফিরে যান।ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বলেন, ‘নিজেদের দুর্নীতি, টেন্ডারবাজি, নিয়োগবাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য একজন দুর্বল চরিত্রের ভিসিকে নিয়োগ দিতে তাঁরা আন্দোলন করছেন।’অচলাবস্থার অবসানের সমাধান হিসেবে সিরাজুল করিম চৌধুরী বলেন, ‘আমাকে নিয়োগ দিয়েছে সরকার। এখানে সিটি মেয়র আছেন, শিক্ষামন্ত্রী আছেন। তাঁরা যদি নিজেদের অবস্থান থেকে যথাযথ পদক্ষেপ নেন, তাহলে সুষ্ঠু সমাধান সম্ভব। এখন যা করার সরকারই করবে।’ আন্দোলন বর্তমানে থেমে যাওয়ার পথে বলে তিনি উল্লেখ করেন।আন্দোলনকারীদের অভিযোগের বিষয়ে উপাচার্য বলেন, ‘ফলাফল পরিবর্তনের বিষয়টি নিয়ে কোনো ধরনের অনিয়ম হয়নি। বিষয়টি নিয়ে পরীক্ষা কমিটির মিটিং হয়েছে, অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং হয়েছে। তারপর তা সিন্ডিকেটের মাধ্যমে পাস হয়ে এসেছে। তখন তো অনিয়মের কথা বলে কেউ তাতে আপত্তি তোলেননি।’ তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীরা তাঁর বাসভবনের টেলিফোন ও বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন করেছেন ও বাসভবনের ফটকে তালা দিয়েছেন। ঐক্য পরিষদের সদস্য সচিব হারুন অর রশীদ বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান। এদিকে টানা ক্লাস ও পরীক্ষা বর্জনে ক্যাম্পাসে অচলাবস্থা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, এ কারণে তাঁদের বড় ধরনের সেশনজটে পড়তে হতে পারে।রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ফলাফল দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার অভিযোগে গত ১৫ নভেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ঐক্য পরিষদ। ১৯ তারিখে ভর্তি পরীক্ষার কারণে আন্দোলন স্থগিত রাখার পর গত ২৬ নভেম্বর থেকে আবারও ধর্মঘটে নামে ঐক্য পরিষদ। চলমান আন্দোলনে এ পর্যন্ত ১০ জন শিক্ষক ও কর্মকর্তা প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।