উপাচার্যকেও সরাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চলমান আন্দোলন কিছুটা স্তিমিত হলেও থামছে না। গত সোমবার রাতে সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্ত শিক্ষকেরা মানলেও বেঁকে বসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁদের দাবি, উপাচার্যকেও সরাতে হবে।শিক্ষার্থীরা বলছেন, বর্তমান উপাচার্যের অধীনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে তাঁরা নিরাপদবোধ করছেন না। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে কথা বলে তাঁদের ভাবনাগুলো জানাতে চান। বুয়েট প্রাঙ্গণে গিয়ে তাঁদের কথা শুনতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তাঁরা।সোমবার রাতের সিদ্ধান্ত অনুযায়ী বুয়েটের সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা দুটি মামলা গতকাল প্রত্যাহার করা হয়েছে।শিক্ষক সমিতির নেতারা বুয়েট পরিস্থিতি নিয়ে গতকাল দিনভর সভা করেছেন। সভা শেষে সমিতির সভাপতি মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, উপাচার্যের পদত্যাগের দাবি বহাল আছে। যেহেতু শিক্ষামন্ত্রী উপাচার্যের বিষয়ে পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই তাঁরা এই দাবি বহাল রেখেই শ্রেণীকক্ষে ফিরে যেতে চান।সোমবার মধ্যরাতে শিক্ষক সমিতির নেতারা শিক্ষামন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবনে গিয়ে বৈঠক করেন। এ সময় সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। আর উপাচার্যের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। গতকাল সকালে শিক্ষকেরা এ সিদ্ধান্ত জানালে শিক্ষার্থীরা তা মানতে রাজি হননি।বেলা সাড়ে তিনটায় বুয়েট মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে শিক্ষার্থীদেরও নিজস্ব ভাবনা রয়েছে। আছে নিজেদের যুক্তিসংগত ভাবনাগুলো তুলে ধরার চেতনা। তাই অভিভাবক হিসেবে শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের কথাগুলো তুলে ধরতে চান। এ সময় শত শত শিক্ষার্থী উপাচার্য ও সহ-উপাচার্যকে না সরানো পর্যন্ত ক্লাসে যাবেন না বলে চিৎকার করে জানাতে থাকেন। শিক্ষার্থীদের পক্ষে এক ছাত্রী লিখিত বক্তব্য পড়েন।সংবাদ সম্মেলনে শিক্ষকদের পক্ষ থেকে দুজন উপস্থিত ছিলেন। তাঁদের একজন হুমায়ুন কবীর বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি অভিন্ন—উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণ। সরকারও তা উপলব্ধি করতে পেরেছে বলে আমরা মনে করি। আমরা আলোচনায় আছি। আমরা মনে করি, আলোচনার মাধ্যমে শিগগিরই সুষ্ঠু সমাধান পাওয়া যাবে।’ শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই দ্রুত বুয়েট সমস্যার সমাধান হোক। এ জন্য সোমবার রাতের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গেও আলোচনা হতে পারে।’শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রদের নিরাপত্তার বিষয়টি তিনি দেখবেন। তিনি আশা করেন, সরকারি সিদ্ধান্তের পর বুয়েটের চলমান সমস্যা সমাধান হবে।মামলা প্রত্যাহার: রমনা বিভাগের পুলিশের উপকমিশনার নুরুল ইসলাম বলেন, আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের করা দুটি মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে। রোববার রাতে বুয়েটের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কদ্দুস খান শাহবাগ থানায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দুটি মামলা করেন। মামলায় শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে উপাচার্যের কার্যালয় ভাঙচুরসহ চুরির অভিযোগ করা হয়। শিক্ষকেরা এই মামলাকে ‘মিথ্যা ও হাস্যকর’ বলে আখ্যা দেন।