উপাচার্যদের সতর্ক হতে বললেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে উপাচার্যদের এ বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে নুরুল ইসলাম নাহিদ এই পরামর্শ দেন। সভা শেষে সংবাদ ব্রিফিং করে নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘অতীতের ধারাবাহিকতায় এ ধরনের কিছু ঘটনা ঘটে থাকে। তবে এমন ঘটনা যাতে আর না ঘটে, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেছি। শিক্ষার্থীরা যেন কোনো বাধার সম্মুখীন না হয়, এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ এসব বিষয় মন্ত্রণালয় থেকে তদারক করা হবে বলে তিনি জানান। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলা চালায় ছাত্রলীগ।সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।