উপাচার্যের অভিযোগ, প্রথম আলোর বক্তব্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহউদ্দিন আহমেদ বলেছেন, গত ২৫ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘তিনটি বিশ্ববিদ্যালয়কে টাকা দিতে অর্থ মন্ত্রণালয় রাজি নয়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর পরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে। প্রথম আলোর ওই প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে দাবি করে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় কখনো বিশ্ববিদ্যালয়কে টাকা দেয় না। টাকা দেয় শিক্ষা মন্ত্রণালয়।আজ রোববার উপাচার্যের নিজস্ব সভাকক্ষে সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন।উপাচার্য বলেন, প্রথম আলোতে ওই খবর প্রকাশের পর শিক্ষার্থীরা অযৌক্তিকভাবে সহিংসতা ঘটিয়েছে। তিনি বলেন, ‘প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনে যেখানে যাওয়া দরকার সেখানেই যাব। প্রয়োজনে মামলা করা হবে। প্রথম আলো দেশ জাতি ও বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এই আন্দোলনের পেছনে আমরা মনে করি যে প্রথম আলোর ইন্ধন আছে।’সাংবাদিক ও ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে মেজবাহউদ্দিন আহমেদ বলেন, ‘আন্দোলন যত হবে, মামলা তত বাড়বে। যেসব শিক্ষার্থী আন্দোলন করেনি, আমরা প্রয়োজনে তাদের নিয়ে আন্দোলন করব।’উপাচার্য বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আইনের ধারা বাতিলের ব্যাপারে আন্তরিকভাবে সন্তোষজনক সমাধানের আশ্বাস দিয়েছেন।উপাচার্য আরও বলেছেন, আইন বাতিলের বিষয়টি সরকারের এখতিয়ারে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান। এ সময় কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর, উপ-রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা ও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।প্রথম আলোর বক্তব্যপ্রথম আলো দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে, এই প্রতিবেদনে কোনো বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, অর্থ মন্ত্রণালয় কোনো টাকা দেয় না। যদি তা-ই হয়, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় হয়ে কেন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল? অর্থ মন্ত্রণালয়ের সম্মতির প্রয়োজন আছে বলেই আয় থেকে ব্যয়ে চলা সম্ভব নয় মর্মে প্রস্তাবটি মন্ত্রণালয় পেশ করা হয়েছিল এবং অর্থ মন্ত্রণালয় এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করেছে। এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ প্রথম আলোর কাছে আছে।প্রথম আলো প্রতিবেদন প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য নিয়েছে। বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পরও কোনো বস্তুনিষ্ঠ খবরের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলে তার দায়দায়িত্ব ওই পত্রিকার নয়।তা ছাড়া প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষ খবরের বিষয়ে কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা জানায়নি। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য প্রায় প্রতিদিনই প্রথম আলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আসছে। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে প্রথম আলোর সম্পর্ক থাকার কোনো কারণ নেই।