জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক কোটি ১২ লাখ টাকায় দুটি পাজেরো গাড়ি কিনেছেন। একটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে ব্যবহার করতে দিয়েছেন তিনি। আর রেজিস্ট্রার নিয়মানুযায়ী সার্বক্ষণিক গাড়ি পান না। তবু তিনি সাবেক উপাচার্যের গাড়িটি ব্যবহার করছেন।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৫১ কোটি টাকার তহবিল ব্যবস্থাপনার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নিয়ম মানছেন না তাঁরা। ওই তহবিলের ৭৫ শতাংশ সরকারি ব্যাংকে রাখার নিয়ম থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন মাত্র ১০ শতাংশ টাকা সরকারি ব্যাংকে জমা রেখেছে। বাকি টাকা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাখা হয়েছে।শুধু তা-ই নয়, এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাবদ আয় থেকে থোক বরাদ্দ হিসেবে প্রায় ৫০ লাখ টাকা উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার, ডিনসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন। এর বাইরে ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য উপাচার্য দৈনিক নিচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা। পদমর্যাদা অনুযায়ী, অন্য শিক্ষকেরা তিন থেকে পাঁচ হাজার টাকা করে নিচ্ছেন।এদিকে সরকারের বরাদ্দ দেওয়া ১০০ কোটি টাকার বড় অংশ দিয়ে ছাত্রী হল ও একাডেমিক ভবন নির্মাণের কথা ছিল। কিন্তু এ কাজে অগ্রগতি নেই। ওই প্রকল্পের টাকায় শিক্ষকদের আবাসন ভবন ও মাইক্রোবাস কেনার কাজ বেশ এগিয়েছে। শিক্ষকদের গবেষণা তহবিলেও বরাদ্দ দেওয়া শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত ছাত্রী হল নির্মাণের স্থানই চূড়ান্ত হয়নি। একাডেমিক ভবন নির্মাণের টেন্ডার-প্রক্রিয়া শেষ হয়নি। প্রভাবশালীদের দখলে থাকা বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হল এখন পর্যন্ত দখলমুক্ত হয়নি।প্রথম আলোর অনুসন্ধানে ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ঢাকার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা ১৫ থেকে ২৫ লাখ টাকা দামের সিডান গাড়ি ব্যবহার করবেন। ঢাকার বাইরের উপাচার্যদের যেহেতু ঢাকায় আসতে হয়, সে ক্ষেত্রে তাঁরা ইউজিসির অনুমতি নিয়ে পাজেরো কিনতে পারেন।আজাদ চৌধুরী জানান, ইউজিসি নিয়ম করে দিয়েছে, ভর্তি পরীক্ষার আয় থেকে ৩০-৪০ শতাংশ অর্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিলে জমা দিয়ে বাকি টাকায় ভর্তির খরচ নির্বাহ করতে হবে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভর্তি পরীক্ষার আয়ের ২০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা দিয়ে সেখান থেকে ভর্তি পরীক্ষার খরচ নির্বাহ করছে।খোঁজ নিয়ে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ২০ থেকে ২৫ লাখ টাকা দামের একটি নিশান গাড়ি ব্যবহার করেন। ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য থোক বরাদ্দ তো দূরের কথা, দৈনিক দায়িত্ব পালনের জন্য আলাদা কোনো অর্থ নেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ দামি গাড়ি কেনা, নিজস্ব তহবিলের বেশির ভাগ অংশ বেসরকারি ব্যাংকে রাখা, ভর্তি পরীক্ষার আয় থেকে ৫০ লাখ টাকা উপাচার্যসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়ার বিষয়গুলো অবশ্য স্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এখানে যা কিছু নিয়মের ব্যত্যয় ঘটেছে, তা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে করেছি। সিন্ডিকেটসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই এসব করা হয়েছে।’গাড়িবিলাস: উপাচার্য হিসেবে দামি গাড়ি কেনা এবারই প্রথম নয়, এর আগে ২০০৯ সালে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের জন্য ৫৬ লাখ টাকা দিয়ে আরেকটি পাজেরো কেনা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পরিবহন নীতিমালা ভঙ্গ করে উপাচার্য ওই গাড়িটি কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ব্যবহারের জন্য দিয়েছেন। এর আগের উপাচার্য যে গাড়িটি ব্যবহার করতেন, সেটি এত দিন সেলিম ভূঁইয়া ব্যবহার করছিলেন। বিলাসবহুল নতুন গাড়ি পাওয়ার পর কোষাধ্যক্ষ আগের গাড়িটি রেজিস্ট্রার ওয়াহিদুজ্জামানকে সার্বক্ষণিক ব্যবহার করতে দিয়েছেন। যদিও নিয়ম হচ্ছে, রেজিস্ট্রার গাড়ি পাবেন বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার জন্য।এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সেলিম ভূঁইয়া বলেন, ‘আমি আগে বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস ব্যবহার করতাম। উপাচার্য তাঁর গাড়িটি আমাকে দিয়ে নিজে প্রকল্পের আওতায় কেনা গাড়িটি ব্যবহার করছেন। নিয়ম লঙ্ঘিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এই গাড়ি ব্যবহার করতে দিত না।’আরও গাড়ি-অনিয়ম: বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জাহিদ হোসেন উপাচার্যের একান্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর শিক্ষকদের জন্য বরাদ্দ একটি মাইক্রোবাস সার্বক্ষণিকভাবে ব্যবহার করা শুরু করেন।গত ঈদুল আজহার সময় ওই গাড়ি নিয়ে গ্রামের বাড়ি শেরপুরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন জাহিদ হোসেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ১০ মাস ধরে পরিবহন পুলে পড়ে ছিল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ করে গাড়িটি মেরামত করা হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে অবৈধভাবে গাড়ি ব্যবহার ও দুর্ঘটনার ব্যাপারে তদন্ত করার দাবি জানানো হলেও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, বরং এরই মধ্যে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি পেয়েছেন জাহিদ।জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. সেলিম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক সমিতির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, গাড়ি ব্যবহার নিয়ে রেজিস্ট্রার আর উপাচার্যের একান্ত সচিবের অনিয়মের বিষয়ে তদন্ত করার দাবি জানিয়েছিলাম। এ জন্য সময় বেঁধে দেওয়া হলেও এখনো এ ব্যাপারে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।’তবে জাহিদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আমি অনুমতি নিয়ে গাড়িটি ব্যবহার করতাম। দুর্ঘটনার সময়ও অনুমতি নিয়েই ব্যবহার করেছি।’বেসরকারি ব্যাংকে টাকা: বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগ সূত্রে জানা গেছে, নিজস্ব তহবিলের ৫১ কোটি টাকার ৯০ শতাংশই বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে জমা রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিলের ২৫ শতাংশের বেশি টাকা বেসরকারি ব্যাংকে জমা রাখা যায় না। কিন্তু এ ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশ অর্থ ১২টি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখা হয়েছে।ভর্তি পরীক্ষার টাকা ভাগাভাগি: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আয় থেকে ৩০ শতাংশ অর্থ প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলে জমা রাখে। বাকি টাকা দিয়ে ভর্তির বিভিন্ন খরচ বহন করা হয়। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির আয়ের ২০ শতাংশ অর্থ নিজেদের তহবিলে জমা রেখেছে। আবার এ অর্থ থেকে প্রায় ৫০ লাখ টাকা উপাচার্যসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা থোক বরাদ্দ নিয়েছেন। এর মধ্যে উপাচার্য এক লাখ টাকা, কোষাধ্যক্ষ ৯০ হাজার, রেজিস্ট্রার ৬৫ হাজার, ছয় অনুষদের ডিনরা ৭০ হাজার করে, ভর্তি কমিটির সদস্যরা প্রত্যেকে ৬০ হাজার টাকা, বিভাগীয় চেয়ারম্যানরা ৫০ হাজার টাকা করে নিচ্ছেন। এর বাইরে উপাচার্যসহ ভর্তি কমিটির অন্য সদস্যরা দৈনিক দায়িত্ব পালনের জন্য তিন হাজার টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন। উপাচার্য মেসবাহউদ্দিন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার জন্য উপাচার্যসহ অন্য শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। তাই তাঁদের প্রণোদনা দিতে থোকসহ অন্যান্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।