রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন, ছয়জনের পদত্যাগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট চলছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে সব রকম ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়েছে। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রুয়েটের বিভিন্ন প্রশাসনিক পদ থেকে আজ মঙ্গলবার ছয়জন পদত্যাগ করেছেন।কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ফল দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। যাঁরা পদত্যাগ করেছেন তাঁরা হলেন: শহীদ সেলিম হলের প্রাধ্যক্ষ এন এইচ এম কামরুজ্জামান সরকার, সহকারী প্রাধ্যক্ষ শহীদুল ইসলাম, শহীদ হামিদ হলের সহকারী প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আজিজুল ইসলাম, রসায়ন বিভাগের প্রধান আশরাফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ইজারা কমিটির সভাপতি আবদুল আলীম। এর আগে গতকাল সোমবার একই দাবিতে ছাত্রকল্যাণ পরিচালক শামীমুর রহমান পদত্যাগ করেন। আজ বেলা একটার দিকে ওই ছয় শিক্ষক তাঁদের অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপাচার্যের কাছে পদত্যাগপত্র দেন। উপাচার্যের চলতি দায়িত্বে থাকা সহ-উপাচার্য মর্ত্তুজা আলী পদত্যাগপত্র গ্রহণ করেন। তিনি পদত্যাগপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ফল দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার অভিযোগে ১৫ নভেম্বর আন্দোলনে নামে ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। রুয়েটের ভর্তি পরীক্ষার কারণে ২৫ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার পর গতকাল সোমবার আবারও আন্দোলনে নেমেছে ঐক্য পরিষদ। এ ব্যাপারে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বলেন, ‘পরীক্ষা কমিটির আট সদস্যের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে দুজন ছাত্রর ফল বিবেচনা করা হয়েছে। তাঁরা শুধু একজন ছাত্রের কথা বলছেন। আরেকজনের কথা বলছেন না। সেখানে সহ-উপাচার্যেরও স্বাক্ষর রয়েছে। তাঁরা তাঁর কথা বলছেন না; শুধু উপাচার্যের বিরুদ্ধে বলছেন। এ ছাড়া ফল ঘোষণা করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। তা একাডেমিক কাউন্সিলে পাস হয়ে গেছে। কেউ আপত্তি করেননি। তাঁরা নভেম্বর মাসে এসে উপাচার্য তাড়ানোর আন্দোলনে নেমেছেন।’ তিনি বলেন, ‘কয়েক দিন যেতে দেন। আমাকে কিছুই বলতে হবে না। ওরা আপনাআপনি থেমে যাবে।’ তিনি বলেন, ‘যাঁরা পদত্যাগ করেছেন, তাঁরা তাঁর সহায়ক ছিলেন না। তাঁরা পদত্যাগ করলে কী, আর না করলেই কী।’এদিকে, রুয়েট কর্মচারী সমিতি আট দফা দাবি আদায়ে তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। ধর্মঘট চলাকালে কর্মচারী সমিতির সভাপতি রোকনুজ্জামান রিপন সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। উপাচার্য তাঁর পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন পরিষদের নেতা-কর্মীরা। ঐক্য পরিষদের আহ্বায়ক কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিপন, সহকারী গ্রন্থাগারিক আজিজুল হক প্রমুখ।