উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে অনশনকারীর সংখ্যা বাড়ছে। গতকাল বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছেন দুজন শিক্ষকসহ আরেকজন সাংস্কৃতিক কর্মী। এর আগে গত মঙ্গলবার সাংস্কৃতিক জোটের চারজন কর্মী অনশন শুরু করেন। তাঁদের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় একজনকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ছয়জন শিক্ষক-শিক্ষার্থী অনশন করছেন। এদিকে গত তিন বছরে শিক্ষাসহ অবকাঠামোগত উন্নয়নে বর্তমান উপাচার্য অভূতপূর্ব উন্নয়ন করেছেন বলে দাবি করেছেন উপাচার্য-সমর্থক শিক্ষকেরা। উদ্ভূত পরিস্থিতিতে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের কর্মীরা। পরে তাঁরা একই স্থানে সমাবেশ করেন। সকাল সাড়ে ১০টার দিকে বাংলা বিভাগের শিক্ষক শামিমা সুলতানা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক সোমা মুমতাজ একই দাবিতে উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে অনশন শুরু করেন। এ ছাড়া সন্ধ্যা ছয়টার দিকে অনশন শুরু করেন সাংস্কৃতিক কর্মী মইনুল হক। এর আগে মঙ্গলবার দুপুর ১২ বারোটা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের কর্মী সাদিয়া জাফরিন, আতিয়া ফেরদৌসী, জুবায়ের হোসাইন ও রাসেল রানা। গতকাল বেলা দেড়টার দিকে অনশনকারী রাসেল অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাভারের একটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অনশনকারী শিক্ষক শামিমা সুলতানা বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবির লক্ষ্যে নিজ জীবন উত্সর্গ করতে প্রস্তুত হয়, তখন শিক্ষক হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে তাদের সঙ্গে যোগ দিয়েছি।’মঙ্গলবার সকালে উপাচার্য-সমর্থক শিক্ষকেরা সাধারণ শিক্ষকদের ব্যানারে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আলী আকন্দকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার এবং সব ধরনের অবরোধ ও সমাবেশ কর্মসূচির প্রতিবাদে মৌন মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা উপাচার্যের বাসভবনসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মূল সড়কের একপাশে মানববন্ধন করেন। একই সময় আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন উপাচার্য-সমর্থক হিসেবে পরিচিত ছাত্রলীগের কর্মীরা। গত দুই দিনে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের কর্মীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী খুশী কবির, নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, অধ্যাপক রেহনুমা আহমেদ, আইনজীবী সারা হোসেন, লেখক সিরাজুল ইসলাম চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিণী, অধ্যাপক আনু মুহাম্মদ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, শম্পা রেজা, বন্যা মির্জা, সংগীতশিল্পী কৃষ্ণকলি প্রমুখ।মিথ্যাচারের অভিযোগ: এদিকে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আচার্য, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সবার উদ্দেশে ‘সাধারণ শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে উপাচার্য-সমর্থিত শিক্ষকদের লেখা খোলা চিঠির ব্যাপারে মিথ্যাচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষকেরা। তাঁরা অভিযোগ করেন, ‘ওই চিঠিতে কতিপয় শিক্ষক বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে অপচেষ্টা করছেন বলে দাবি করা হয়। এই আন্দোলন মূলত রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ আদায়ের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। আন্দোলনরত শিক্ষকেরা উপাচার্যের বাসার পানি বন্ধ করে দিয়েছেন।’ এমন দাবি বানোয়াট ও মিথ্যাচার বলে আন্দোলনকারী শিক্ষকেরা জানিয়েছেন।আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘উপাচার্য তাঁর মিথ্যাচার অব্যাহত রেখেছেন। বিভিন্ন মহল থেকে তাঁর বাসভবনে গ্যাস ও পানি বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। অথচ তাঁর বাসভবনের বাগানে পানি দেওয়ার স্থান থেকে পাইপের মাধ্যমে আমাদের জন্য পানি আনা হচ্ছে।’ তবে উপাচার্য-সমর্থক শিক্ষক অধ্যাপক খবির উদ্দিন বলেন, গত তিন বছরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। কিছুসংখ্যক শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে উপাচার্যের পদত্যাগের দাবিতে অযৌক্তিক আন্দোলন করছেন। আলোচনা ও সংহতি: উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাংসদ তারানা হালিম গত মঙ্গলবার আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও উপাচার্য-সমর্থক শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পরে তিনি আন্দোলরত শিক্ষকদের জানান, তিনি নিজ উদ্যোগে বিষয়টি জানতে ক্যাম্পাসে এসেছেন। তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও শিক্ষামন্ত্রীকে জানাবেন। উপাচার্য-সমর্থক শিক্ষকেরাও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এদিকে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান সাংসাদ সারাহ বেগম কবরী। তিনিও আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সারাহ বেগম সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছিলাম। পদত্যাগ ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক মনে হয়েছে।’