উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তপ্ত ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তপ্ত হয়ে ওঠা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ঠেকাতে গ্রীষ্মকালীন ছুটি ২৫ দিন এগিয়ে আনা হয়েছে। একই সঙ্গে উপাচার্য ভবনসহ সব ভবনের সামনে মিছিল, অবরোধসহ যেকোনো কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।সিন্ডিকেট গতকাল শুক্রবার জরুরি বৈঠক ডেকে এসব সিদ্ধান্ত নিলেও আন্দোলনকারীরা মিছিল ও অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন। সিন্ডিকেট সভার এসব সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরপরই তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষকেরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। আর বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরাও। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরাও উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছেন। মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।এদিকে গতকাল রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যের পক্ষের শিক্ষকদের একটি অংশ উপাচার্য ভবনের সামনে তখনো অবস্থান করছিল। এ ছাড়া গতকাল সারা দিনই মাঠে ছিলেন উপাচার্যপন্থী ছাত্রলীগের কর্মীরা।উপাচার্য শরীফ এনামুল হকের পদত্যাগের দাবিতে শিক্ষকদের একটি অংশ এই আন্দোলন করছে। শিক্ষকেরা বুধবার রাত থেকে উপাচার্যের ভবন অবরুদ্ধ করে রাখেন। এ নিয়ে দিনভর উত্তেজনার পর সিন্ডিকেট এসব সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সিন্ডিকেটের জরুরি এই বৈঠক বসে বিকেলে। বৈঠকে আগামী ৫ মে থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনসহ সব ভবনের সামনে মিছিল, অবরোধসহ যেকোনো কর্মসূচি না করার জন্য বলা হয়। এ ছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতিকে মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।উপাচার্য শরীফ এনামুল কবির বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসহ সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, গুটি কয়েক শিক্ষকের আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতিতে গ্রীষ্মকালীন ছুটি ২৫ দিন এগিয়ে এনে ৫ মে থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে। নিজের পদত্যাগের দাবি সম্পর্কে তিনি বলেন, ‘এখন আর এ ধরনের দাবির কোনো যৌক্তিকতা নেই। সিন্ডিকেট আমাকে সব কটি ভবনের চারপাশ থেকে মিছিল, সমাবেশ ও অবরোধ সরিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছে।’ তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এর আগে বেলা ১১টার দিকে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, উপাচার্যপন্থী ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন। ছাত্রলীগের এসব কর্মী মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের স্থাপিত ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ’ ভাঙচুর ও উপাচার্যবিরোধী ব্যানার, ফেস্টুন ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। এরপর সেখানে সমাবেশ করে নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে আন্দোলনরত শিক্ষকদের জামায়াত-শিবির উল্লেখ করে আন্দোলন বন্ধের হুমকি দেন। আন্দোলন বন্ধ না করলে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুমকি দেওয়া হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে মারধরের ঘটনায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত এবং মামলায় জামিন পাওয়া উপাচার্যপন্থী ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত শেখ শরিফুল ইসলাম, এস এম মাহতাব মেহেদি, সাইফুল ইসলাম, আবদুল কাইউম প্রমুখ।এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটা খারাপ কিছু নয়। পক্ষ-বিপক্ষ সব জায়গাতেই থাকে। এটা সে রকমই ঘটনা। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে ১০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।৩৭ ঘণ্টা পর বাসভবনের বাইরে উপাচার্য: পুলিশের সহায়তায় প্রায় ৩৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নিজ বাসভবন থেকে বেরিয়ে আসেন উপাচার্য। এর পরই পুলিশি প্রহরায় প্রশাসনিক ভবনে জরুরি সিন্ডিকেট সভা করেন তিনি।বাসভবন থেকে বের হওয়ার আগে ভবনের একটি ফটকে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান এবং অপর ফটকে ওই শিক্ষকদের একটি প্রাইভেট কার দাঁড় করিয়ে রাখায় অবরুদ্ধ হয়েছিলেন তিনি। দুপুর ১২টার দিকে পুলিশ ওই ফটক থেকে গাড়ি সরানোর যন্ত্র (রেকার) দিয়ে গাড়িটি সরিয়ে নিলে সেখানে অবস্থান নেন উপাচার্যপন্থী দুই শতাধিক শিক্ষক। তিনটার দিকে পুলিশের সহায়তায় বাসভবন থেকে বেরিয়ে আসেন উপাচার্য।উপাচার্যপন্থী শিক্ষকদের অবস্থান: এদিকে উপাচার্যের বাসভবনের সামনের আরেক ফটকে ‘সাধারণ শিক্ষকবৃন্দের’ ব্যানারে দিনভর সমাবেশ করে উপাচার্যের পক্ষে একাত্মতা প্রকাশ করেন উপাচার্যপন্থী শিক্ষকেরা। বেলা তিনটায় উপাচার্য ওই ফটক দিয়ে বের হওয়ার সময় সেখানে অবস্থানকারী শিক্ষকেরা ফটকের সামনে থেকে সরে যান। সিন্ডিকেট শেষে তিনি ওই ফটক দিয়েই বাসভবনে প্রবেশ করেন এবং শিক্ষকদের সঙ্গে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিক্ষকেরা উপাচার্যের ফটকে তাঁবু গেড়ে অবস্থান নিয়েছিলেন। তাঁরা জানান, সিন্ডিকেটে তাঁদের দাবি মানা হয়েছে। তাই রাতেই তাঁরা ওই ফটক থেকে সরে যাবেন।দিনে অনুষ্ঠিত সমাবেশে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক অসীত বরণ পাল বলেন, ক্যাম্পাস-পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে কিছু শিক্ষক দীর্ঘদিন ধরে অযৌক্তিক আন্দোলন করছেন। গুটি কয়েক শিক্ষকের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকতে পারে না। তিনি এ সময় জানান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতির ওপর বিভাগের শিক্ষকদের হামলার বিচারের দাবিতেই ‘সাধারণ শিক্ষকবৃন্দের’ ব্যানারে সেখানে তাঁরা অবস্থান নিয়েছেন।যেখান থেকে আন্দোলন শুরু: গত ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদকে ছাত্রলীগের কর্মীরা মারধর করলে পরদিন ভোরে মারা যান তিনি। এর পর থেকে জুবায়ের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, দলীয় বিবেচনায় অতিরিক্ত শিক্ষক নিয়োগ বন্ধসহ বিভিন্ন দাবিতে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষকেরা। শিক্ষকেরা বলছেন, উপাচার্য তাঁদের দাবি না মানায় এবং শিক্ষক নিয়োগসহ প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম অব্যাহত রাখায় গত ১৮ মার্চ থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধসহ শিক্ষক ধর্মঘট কর্মসূচি শুরু করেন। সর্বশেষ গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তদন্ত না করে প্রশাসনিক কোনো সিদ্ধান্ত ছাড়াই উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতিকে মারধরের অভিযোগে দুই শিক্ষককে পুলিশ আটক করলে তাঁরা উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবনের দুটি ফটকে অবস্থান নিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন বলেন, ‘প্রায় তিন মাস ধরে বিভিন্ন দাবিতে আমরা আন্দোলন করছি। বর্তমান উপাচার্যের অন্যায় সিদ্ধান্ত, দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বন্ধসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করার পরও তিনি সিদ্ধান্ত অব্যাহত রাখছেন। এ ছাড়া শিক্ষকদের প্রতিপক্ষ হিসেবে শিক্ষকদের মাঠে নামিয়ে দিয়েছেন তিনি।’সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ বলেন, উপাচার্য যেহেতু শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছেন, তাই তাঁর উচিত নিজ দায়িত্বে পদত্যাগ করা।