উপাচার্যের পদত্যাগের দাবিতে ধর্মঘট চলছেই
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাচ্ছে প্রগতিশীল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ। উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ফল পরিবর্তন করেছেন।গতকাল সকাল থেকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান করছে পরিষদ। ধর্মঘটের কারণে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।ঐক্য পরিষদের আহ্বায়ক এ এইচ এম কামরুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীর ফল পরিবর্তন করে তিনি উপাচার্যের দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।’ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায় বলে মন্তব্য করেন তিনি। কামরুজ্জামান সরকার ঘোষণা দেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এ আন্দোলনে ১৯ নভেম্বরের ভর্তি পরীক্ষা ব্যাহত হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা কর্তৃপক্ষ দেখবে।’আজ এক সংবাদ সম্মেলনে উপাচার্য সিরাজুল করিম চৌধুরী তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আন্দোলন বন্ধের আহ্বান জানিয়েছেন। ভর্তি পরীক্ষার সময় জামায়াত-শিবির যাতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা চান উপাচার্য।