উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আজ শনিবার অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ফলে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছনা, গত বছরের ১ ও ২ আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার না হওয়া এবং শিক্ষকদের ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করছেন শিক্ষকেরা। শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সব ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড বর্জনের ঘোষণা দেওয়া হয়।আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রতিটি অনুষদে গিয়ে দেখা গেছে, অধিকাংশ বিভাগে তালা খোলেনি। সমাজবিজ্ঞান অনুষদের প্রতিটি বিভাগে তালা ঝুলতে দেখা গেছে। অধিকাংশ শিক্ষক তাঁদের শিক্ষা কার্যক্রমে অংশ নেননি। শিক্ষার্থীরা ক্লাসে এসে ফিরে গেছেন। তবে ফার্মেসি, ভূতত্ত্ব এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে একটি করে ক্লাস হয়েছে।এ ব্যাপারে ফার্মেসি বিভাগের শিক্ষক মো. ফখরুল ইসলাম বলেন, ‘আন্দোলনের এই পদ্ধতির সঙ্গে আমি একমত নই। তাই আমি ক্লাস নিয়েছি এবং তা অব্যাহত রাখব।’ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বলেন, ‘আমাদের চলমান আন্দোলনের কোনো দাবিই উপাচার্য বাস্তবায়ন না করে শিক্ষার পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে এখন আমরা এক দফার দাবিতে আন্দোলনে নেমেছি। তাঁর পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’ কিছু বিভাগে ক্লাস হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষক সমিতির সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেউ এই সিদ্ধান্ত না মানলে সে ব্যাপারে আমার কিছু বলার নেই।’উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষকেরা কর্মবিরতিতে যেতে পারেন—এমন কোনো পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়নি। তবে আলোচনা সাপেক্ষে যেকোনো সংকট নিরসন সম্ভব।’