জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। ওই প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে দাবি করে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় কখনো বিশ্ববিদ্যালয়কে টাকা দেয় না; টাকা দেয় শিক্ষা মন্ত্রণালয়।গতকাল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মেজবাহউদ্দিন এসব কথা বলেন। তবে উপাচার্যের এই বক্তব্যের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপাচার্যের বক্তব্য সঠিক নয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী। গত ২৫ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘তিনটি বিশ্ববিদ্যালয়কে টাকা দিতে অর্থ মন্ত্রণালয় রাজি নয়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপাচার্য আরও বলেন, প্রথম আলোতে ওই খবর প্রকাশের পরই শিক্ষার্থীরা আন্দোলন করেন। অযৌক্তিকভাবে সহিংসতা ঘটিয়েছেন। এর পেছনে প্রথম আলোর ইন্ধন আছে।উপাচার্য আরও বলেন, ‘প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনে যেখানে যাওয়া দরকার সেখানেই যাব। প্রয়োজনে মামলা করা হবে। প্রথম আলো দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।’সাংবাদিক ও ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে উপাচার্য বলেন, আন্দোলন যত হবে মামলা তত বাড়বে। পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা সহিংসতা করেনি, তাদের নিয়ে আন্দোলনে নামবে। কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর বলেন, প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম (টাইটেল) ঠিক হয়নি। তিন বিশ্ববিদ্যালয়কে টাকা দিতে রাজি নয়—অর্থ মন্ত্রণালয়ের এমন মতামত প্রসঙ্গে তিনি বলেন, একটা মতামত জানানোই কিন্তু চূড়ান্ত কিছু নয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান। এ সময় উপ-রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা আইন বাতিলসহ তিন দফা দাবি জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পুলিশি হামলা ও মামলারও তীব্র নিন্দা জানান। তাঁরা নতুন হল নির্মাণ, বেদখল হল উদ্ধার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান। শিক্ষামন্ত্রীর বিস্ময়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন সম্পর্কে প্রথম আলোকে দায়ী করে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দেওয়া বক্তব্য সঠিক নয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে প্রথম আলোর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর তা অবহিত হয়ে শিক্ষামন্ত্রী বিস্ময় প্রকাশ করেন। জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এ ঘটনায় কোনো গণমাধ্যমের (মিডিয়া) বিরুদ্ধে সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ নেই। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সাংবাদিকেরা তাঁদের দায়িত্ব পালন করেছেন। এখানে বিভ্রান্তিকর কিছু আছে বলে তিনি মনে করেন না।শিক্ষামন্ত্রী আরও জানান, গতকাল তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেছেন। প্রধানমন্ত্রী আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর জোট সরকারের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ অর্থবছর পর আয় থেকে ব্যয়ে চলার ধারাটি অন্তর্ভুক্ত হয়েছিল। সেটি বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ে অসম্মতি দেওয়ার অর্থ বিষয়টি বাতিল হয়ে গেছে, এমনটি নয়। অসম্মতি দিলেও বিষয়টি নিয়ে আলোচনার পথ রুদ্ধ হয়ে যায়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই অর্থ বরাদ্দ: এর আগে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোট নিজেরা আইন বানিয়ে এখন শিক্ষার্থীদের উসকে দিচ্ছে। বর্তমান আইনটি সংশোধন করার বিষয়েও ইঙ্গিত দেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী গতকাল এ নিয়ে বিবিসিকে আরও বলেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থায়নের সমস্যার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। ওই বিশ্ববিদ্যালয়ের আইনের ২৭ এর ৪ ধারায় নিজস্ব উৎস থেকে অর্থায়নের প্রস্তাব থাকলেও সরকার তা এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি। আমরা কোনো প্রক্রিয়াই শুরু করিনি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরা তাদের অনুদান দিয়েই যাচ্ছি।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছর তারা যে আন্দোলন করছে, তার ভিত্তিটাই সঠিক নয় যে আমরা টাকা বন্ধ করে দিয়েছি বা দিতে যাচ্ছি। আমরা এ সমস্যাটা বুঝতে পারছি যে এটা ছাত্রদের জন্য বহন করা বা অন্য কোনো সোর্স বিশ্ববিদ্যালয়ের নেই, যার জন্য আমরা কী করতে পারি, সেটি আমাদের বিবেচনায় আছে। আমরা অর্থ বন্ধের কোনো প্রক্রিয়াই শুরু করিনি। সেটি বলা আছে যে পর্যায়ক্রমে পাঁচ বছরে বন্ধ হবে। আমরা তো কোনো পদক্ষেপই নিইনি।’ আইনে যা আছে: জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের (২০০৫) ২৭ (৪) ধারায় বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পৌনঃপুনিক ব্যয় যোগানে সরকার কর্তৃক প্রদেয় অর্থ ক্রমান্বয়ে হ্রাস পাইবে এবং পঞ্চম বৎসর হইতে উক্ত ব্যয়ের শতভাগ অর্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও উৎস হইতে বহন করিতে হইবে।’ আটক ব্লগার ছাড়া পেলেন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমান পরিস্থিতি নিয়ে মুক্তমত প্রকাশের মাধ্যম ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লেখার অভিযোগে আটক আসিফ মহিউদ্দিন গতকাল দুপুরে ছাড়া পেয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।সূত্র জানায়, গত শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘ব্লগার-অনলাইন অ্যাকটিভিস্ট’ এর সংহতি সমাবেশে আসিফ বক্তব্য দেন। তিনি এ নিয়ে লেখালেখিও করেছেন। এরপর রাতে মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। এ নিয়ে ব্লগাররা আন্দোলনে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন।