উপাচার্যের বাসভবনে তালা দিলেন আন্দোলনকারীরা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্যবিরোধী আন্দোলনের চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ উপাচার্যের বাসভবন ঘেরাও করে টেলিফোন, বিদ্যুত্ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আন্দোলনকারীরা উপাচার্যের বাসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে তাঁরা উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ান । আজও বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনসহ অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে ঐক্য পরিষদ।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। এ সময় তাঁরা উপাচার্যের বাসার টেলিফোন, বিদ্যুত্ সংযোগ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দেন; উপাচার্যের বাসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। উপাচার্য সিরাজুল করিম চৌধুরীর ছেলে ও বাসার কর্মচারীরা তখন অবরুদ্ধ হয়ে পড়েন। বেলা ১১টা পর্যন্ত আন্দোলনকারীরা বাসভবন ঘেরাও করে রাখেন। পরে স্থানীয় নেতাদের অনুরোধে বাসভবনের তালা খুলে দেওয়া হয়। বিদ্যুত্ ও পানির সংযোগ দেওয়া হলেও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে বাসার কর্মচারীরা জানিয়েছেন।উপাচার্যের বাসভবন ঘেরাও শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে থামে। সেখানে আন্দোলনকারীরা অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেন। দুপুর একটার দিকে তাঁরা উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ান। ঐক্য পরিষদের সদস্যসচিব হারুন অর রশীদ বলেন, ‘উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ এদিকে টানা ক্লাস ও পরীক্ষা বর্জনে ক্যাম্পাসে অচলাবস্থা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, এ কারণে তাঁদের বড় ধরনের সেশনজটে পড়তে হবে। ক্যাম্পাসের বাইরে অবস্থানরত উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বলেন, ‘ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আন্দোলনকারীরা আমার বাসভবনের টেলিফোন ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে ও ফটকে তালা দিয়ে আমার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে।’ আন্দোলনকারীদের ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী’ অভিহিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শৃঙ্খলা ফিরে এলেই ক্যাম্পাসে ফিরবেন বলেও জানান উপাচার্য। ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ফল দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার অভিযোগে ১৫ নভেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। ভর্তি পরীক্ষার কারণে ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখা হয়। পরে ২৬ নভেম্বর আবারও ধর্মঘটে নামে ঐক্য পরিষদ।