চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়
উপাচার্যের বিরুদ্ধে করা মামলা খারিজ, নোমানের নাম বাতিল
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ ও প্রধান প্রকৌশলী শাহ মো. জিল্লুর রহমানের বিরুদ্ধে দরপত্র দুর্নীতির অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ গতকাল বৃহস্পতিবার মামলাটি খারিজের আদেশ দেন। ঠিকাদার নুরুল আলম চৌধুরী গত সোমবার আদালতে মামলাটি করেন। ওই দিনই বাদীর জবানবন্দি নথিভুক্ত করে গতকাল আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। আদালত সূত্র জানায়, মামলায় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নির্মাণকাজে সর্বনিম্ন দরদাতাকে আড়াই লাখ টাকা বেশি দর ধরে কার্যাদেশ দেওয়ার অভিযোগ আনা হয়। বাদী অভিযোগ করেন, এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে। আদালত বাদীর অভিযোগ খারিজ করে দিয়ে বলেন, বাদী সর্বোচ্চ দরদাতা ছিলেন। যাঁকে কার্যাদেশ দেওয়া হয়েছে, তাঁর দর বাদীর দেওয়া দরের তুলনায় কম ছিল। ফলে এ ক্ষেত্রে দুর্নীতি বা রাজস্ব ক্ষতির অভিযোগ প্রমাণিত হয় না। সূত্র জানায়, এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ওই বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষ সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেয়। ওই কাজের জন্য বাদী দর দিয়েছিলেন এক কোটি ১১ লাখ টাকা। ছাত্রাবাস থেকে নোমানের নাম বাতিলের সিদ্ধান্ত: ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নামকরণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা খলিলুর রহমান সিন্ডিকেট সভার এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একমাত্র ছাত্রাবাসের নামকরণ নোমানের নামে করা হয়। ছাত্রীদের হলটির কোনো নামকরণ হয়নি। ওই নামকরণের ব্যাপারে চারজন সিন্ডিকেট সদস্যকে নিয়ে একটি কমিটিও হয়েছিল। ওই কমিটিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্কালীন উপাচার্য ইনাম-উল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিদ্দিক আহমেদ চৌধুরী, পশুসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নাজির আহমেদ এবং এ কে এম সাইফুদ্দীন ছিলেন। তাঁদের সুপারিশের ভিত্তিতে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বরের সিন্ডিকেট সভায় নোমানের নামে ছাত্রাবাসের নামকরণের বিষয়টি অনুমোদিত হয়। তবে এই নামকরণের জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপাচার্য নীতিশকে দায়ী করে আসছেন।সিন্ডিকেট সভাসংশ্লিষ্ট সূত্র জানায়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রাবাসে অবস্থান করায় গতকালের সভায় সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। গত ১৪ ডিসেম্বর সিন্ডিকেটের জরুরি সভায় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ছাত্রলীগ ওই সিদ্ধান্ত না মেনে ছাত্রাবাসে অবস্থান করছে। সংগঠনটি উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথের অপসারণসহ ২১ দফা দাবিতে ১৩ ডিসেম্বর আন্দোলন শুরু করে। সংগঠনের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে ২১ ডিসেম্বর আন্দোলন সাময়িক স্থগিত করে ছাত্রলীগ। তাদের আন্দোলনে উপাচার্য কার্যত অবরুদ্ধ ছিলেন।