উপাচার্যের সঙ্গে বিরোধের জেরে সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ এবং কোষাধ্যক্ষ মীজানুর রহমান পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দেন।এ সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে মন্তব্য করতে তাঁরা রাজি হননি। পদত্যাগের কারণ হিসেবে দুজনই বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য পদত্যাগের কথা জানিয়েছেন।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সহ-উপাচার্য হারুন-অর-রশীদ ও কোষাধ্যক্ষ মীজানুর রহমানের বিরোধ চলছিল। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান চান তাঁদের সঙ্গে যোগ দেন। সাম্প্রতিক সময়ে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেয়। সরকার সমর্থক বলে পরিচিত শিক্ষকেরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন, সরকারবিরোধী বলে পরিচিত শিক্ষকেরা এই বিরোধের সুযোগ নিচ্ছিলেন।বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল বিভাগে শিক্ষক হওয়ার জন্য আবেদন করেন সহ-উপাচার্যের ছেলে। কিন্তু সহ-উপাচার্যের ছেলের চেয়ে যোগ্য প্রার্থী রয়েছেন, এমন মত আসায় নিয়োগ কমিটি বিভক্ত হয়ে পড়ে। প্রায় এক বছর স্থগিত রাখার পর গত ফেব্রুয়ারিতে সহ-উপাচার্যের ছেলেকে বাদ দিয়ে নিয়োগ সম্পন্ন হয়। এ ঘটনায় উপাচার্যের সঙ্গে সহ-উপাচার্যের দূরত্ব আরও বেড়ে যায়।গত ১৩ মে উপাচার্য প্যানেল নির্বাচনের উদ্যোগ গ্রহণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে অহিদুজ্জামান আদালতে রিট আবেদন করলে আরেক দফা সম্পর্কের অবনতি ঘটে। সর্বশেষ গত ২১ মে সিন্ডিকেট নির্বাচনে নীল দলের ভরাডুবি হয়। এ জন্য এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করে আসছিল।আজ দুপুরে হারুন-অর-রশিদ ও মীজানুর রহমান দুজন একসঙ্গে মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। কী কারণে পদত্যাগ করেছেন, জানতে চাইলে মীজানুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। এই অচলাবস্থা নিরসনেই আমরা পদত্যাগ করেছি। এর পেছনে অন্য কোনো কারণ নেই।’সহ-উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, ‘আমি শিক্ষা ও গবেষণায় আরও বেশি মনোযোগ দিতে চাই। তাই পদত্যাগ করছি। আশা করছি বিশ্ববিদ্যালয় আরও ভালো চলবে।’