পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সামিউল ইসলামের বদলি বাতিলের দাবিতে কলেজ শাখা ছাত্রলীগের একাংশ আজ বৃহস্পতিবার ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।কলেজ সূত্র জানায়, গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষের পদ থেকে সামিউল ইসলামকে অব্যাহতি দিয়ে একই কলেজের অধ্যাপক মাহবুব হোসেনকে ওই দায়িত্ব দেয়। এতে উপাধ্যক্ষ সামিউল-সমর্থিত শাহনেওয়াজ ও আমিনুর রহমান ওরফে অপুর নেতৃত্বে কলেজ শাখা ছাত্রলীগের একাংশ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা আজ সকাল আটটার দিকে উপাধ্যক্ষের বদলি বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে। কলেজের ভেতরের বিভিন্ন কলাপসিবল গেট ও মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। একপর্যায়ে কলেজের সামনে এসে বিক্ষোভ শুরু করে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অবস্থা চলে। বেলা একটার পর অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বিক্ষোভকারীরা চলে গেলে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়। সকাল থেকে কলেজের সামনে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল।এর আগে ছাত্রলীগের নেতা আমিনুর রহমান সাংবাদিকদের জানান, উপাধ্যক্ষের বদলির আদেশ বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।খোঁজ নিয়ে জানা গেছে, সামিউল ইসলামকে সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও তিনি ওই কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক। প্রস্তাবিত প্যাথলজিক্যাল ইনস্টিটিউটের প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ায় তাঁকে উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ এম এ আজহার প্রথম আলোকে বলেন, গুটি কয়েক ছাত্র সরকারি সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। আন্দোলনরত ছাত্ররা শুধু ক্লাস বর্জন করেছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।