উমরের নতুন বিজ্ঞাপন
১ ছক্কা, ৩ চারে ৫৯ বলে অপরাজিত ৪৪। ওয়ানডে ক্রিকেট বিবেচনায় মনে রাখার মতো ইনিংস অবশ্যই নয়। ৩৪ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে উমর আকমল নিজেও এর চেয়ে বাহারি ইনিংস উপহার দিয়েছেন একাধিক। ১টি সেঞ্চুরি, ৭টি হাফ সেঞ্চুরিসহ ৪০ ঊর্ধ্ব ইনিংস আছে আরও ৫টি। তবে পরশু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের এই ৪৪ রানের ইনিংসটি উমর আকমলের স্মৃতিতে উজ্জ্বল হয়েই থাকবে। বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার এনে দিয়েছে বলেই নয়, উমরের এই ইনিংসের মাহাত্ম্য অন্যখানে। এই ইনিংস দিয়েই যে শেষ পর্যন্ত এক যুগ পর বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে লেখা হয়েছে অস্ট্রেলিয়ার পরাজয়-কাব্য।১৯৯৯ বিশ্বকাপের ২৩ মে, অস্ট্রেলিয়াকে সর্বশেষ হারিয়েছিল এই পাকিস্তানই। সেই থেকে বিশ্বকাপে টানা ৩৪ ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়াকে পরশু আবার হারাল পাকিস্তানই। অস্ট্রেলিয়া-বধ কাব্যের সূচনা করেছিলেন উমর গুল, আবদুল রাজ্জাক, আসাদ শফিকরা। ৪৪ রানের হার না-মানা ইনিংস দিয়ে সেই গল্পের সমাপ্তি দিয়েছেন তরুণ উমর।১৭৬ রানে অলআউট হওয়ার পরই হার প্রায় নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। তবু একটি শঙ্কা ছিলই, দলটির নাম যে অস্ট্রেলিয়া। হারের আগে যারা হারে না, যেকোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে নিজেদের করে নেওয়াটা যাদের সহজাত গুণ। শঙ্কা আরেক জয়াগাতেও ছিল—এ পাশের দলটির নাম যে পাকিস্তান। ম্যাচ শেষের আগে যাদের নিয়ে কোনো অনুমানই ঠিক নয়! তবে পরশু পাকিস্তান ইনিংসে নাটকীয় কোনো পতন হয়নি। আর এতে মুখ্য ভূমিকা দুই তরুণ আসাদ শফিক আর উমর আকমলের। ৪৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলে বোলারদের তৈরি জয়ের ভিতটা শক্ত করেন আসাদ, উমরের ৪৪ রানে তাঁর আনুষ্ঠানিক সমাপ্তি। ৯৮ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে যান ছোট আকমল। আসাদের সঙ্গে গড়েন ৪১ রানের জুটি। আসাদের পর অধিনায়ক আফ্রিদিও দ্রুত বিদায় নিলে আবার একটু শঙ্কার মেঘ ভাসে। কিন্তু আবদুল রাজ্জাককে নিয়ে সেই শঙ্কা উড়িয়ে হাসতে হাসতেই মাঠ ছেড়েছেন উমর।জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচটি খেলা হয়নি। খবর এসেছিল দুই রকমের—উমর চোট পেয়েছেন, উমর চোটের ভান করছেন। উমর সত্যি সত্যি ভান করে থাকলে তাঁকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শই দিয়েছিলেন ইমরান খান। কালকের ম্যাচটি তাই তাঁর জন্য হয়ে এসেছিল বড় চ্যালেঞ্জ। মাত্রই বছর দেড়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা উমর সেই চ্যালেঞ্জকেই ভালোবেসে আলিঙ্গন করেছেন। এই কদিনের পারফরম্যান্স দিয়েই দলে তাঁর শক্ত অবস্থান। মূলত হার্ডহিটার, তবে দলের প্রয়োজনে মাথা ঠান্ডাও রাখতে পারেন। পরশুর ইনিংসই তার দাবির বিজ্ঞাপন। ওয়েবসাইট।