উরুগুয়ের পুনরুত্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ফুটবলের ডাইনোসর হতে বসেছিল উরুগুয়ে। বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন তারা। ১৯৩০ সালের পর ১৯৫০ বিশ্বকাপে দ্বিতীয়বার খেলতে এসে সেবারও চ্যাম্পিয়ন। অথচ ১৯৭০ বিশ্বকাপের পর আর সেমিফাইনালেই ওঠা হয়নি। বিশ্বকাপেও হয়ে পড়েছিল একেবারেই অনিয়মিত। এবারের আগে নয়টি বিশ্বকাপের পাঁচটিতেই বাছাই পর্ব পেরোতে পারেনি। বাছাই পর্বে আটকে যাচ্ছিল এবারও। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার টিকিট মিলেছে প্লে-অফ জিতে। উরুগুয়ের সেই স্বর্ণালি অতীত আবার মনে করিয়ে দিলেন ডিয়েগো ফোরলানরা। লাতিন আমেরিকা থেকে সরাসরি চূড়ান্ত পর্বে ওঠা চার দলের কোনোটি কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারল না। ব্রাজিল-আর্জেন্টিনার বদলে লাতিন পতাকা হাতে সেমিফাইনালে উঠল উরুগুয়ে। সেমিফাইনালে হল্যান্ডের কাছে হারতে হলো, হারতে হলো স্থান নির্ধারণী ম্যাচে জার্মানির বিপক্ষেও। কিন্তু টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতে ডিয়েগো ফোরলান বুঝিয়ে দিলেন, ঘুম ভেঙে আবার জেগে উঠেছে উরুগুয়ের ফুটবল।