বাংলাদেশের নানান ভাষারাষ্ট্রভাষা বাংলার এই দেশে নানা কাজে নানা স্তরে চালু আছে অনেক ভাষা। সেসব ভাষা নিয়ে এই আয়োজন। ভাষাগুলো একের পর এক সাজানো হয়েছে বাংলা বর্ণমালার ক্রমানুসারে।
উর্দু
উর্দু ইন্দো-ইউরোপীয় ভাষাবর্গের অন্তর্গত ইন্দো-ইরানীয় উপগোত্রের একটি ভাষা। দিল্লি ও তার আশপাশে প্রচলিত হিন্দি ভাষার সঙ্গে প্রায় দুই শতাব্দী (১২০০-১৪০০) ধরে ফারসি শব্দের মিশ্রণের ফলে উর্দু ভাষার জন্ম হয়। এই মিশ্রিত বুলিকে ভাষাবিদেরা খাড়িবুলি, রিখতা ও হিন্দুস্থানি বলেছেন। উর্দু একটি তুর্কি শব্দ, যার অর্থ সৈন্য। মোগল সম্রাট শাহজাহানের (১৬২৮-১৬৫৮) সেনানিবাসের নাম ছিল উর্দু-এ-মুআল্লা। শাহজাহান তাঁর সেনানিবাসের নামে এই ভাষার নামকরণ করেন উর্দু।কলকাতার আলিয়া মাদ্রাসায় (১৭৮০) উর্দু ভাষায় শিক্ষা দেওয়া হতো। ফোর্ট উইলিয়াম কলেজে (১৮০০) শুরু থেকেই বাংলা ও ফারসি বিভাগের মতো হিন্দুস্থানি বা উর্দু বিভাগ ছিল। ব্রিটিশ আমলের গোড়ার দিকে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার মাধ্যম ছিল উর্দু। কারণ তখন হাদিস, ফেকা, তাফসির প্রভৃতি প্রধানত লেখা হতো উর্দু ভাষায়।ঢাকায় আধুনিক ধারায় উর্দু কাব্যচর্চা শুরু হয় আঠারো শতকের শেষ দিকে। ঢাকায় এ সময়ে মির্জা জান তাপিশসহ অনেক উর্দু কবির সমাগম ঘটে। নবাব আবদুল লতিফের জামাতা সৈয়দ মুহম্মদ আজাদ (১৮৫০-১৯১৬) প্রথম উর্দুতে নাটক রচনা করেন। আহমদ হুসাইন ওয়াফির ছিলেন ঢাকা মুহসিনিয়া মাদ্রাসার শিক্ষক। তাঁর রচিত নাটক বিমার-এ-বুলবুল (১৮৮০) সে সময় খুব জনপ্রিয় হয়েছিল। হাকীম হাবিবুর রহমান (১৮৮১-১৯৪৭) উর্দু সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন। তাঁর লেখা ঢাকা পচাস বরস পহলে (১৯৪৯) এখনো বেশ সমাদৃত।বাংলাদেশে প্রায় পাঁচ লাখ লোক উর্দু ভাষায় কথা বলেন। এখানে বসবাসরত বিহারি কবি-লেখকেরা উর্দু ভাষায় সাহিত্যচর্চা করেন। অগ্রগণ্য উর্দু কবি নওশাদ নূরী আমৃত্যু ঢাকায় বাস করেছেন। তিনি বঙ্গবন্ধুর ছয় দফা উর্দু ভাষায় অনুবাদ করেন। বায়ান্নর ভাষা আন্দোলনের সপক্ষে প্রথম উর্দু কবিতাও তাঁরই রচনা। করাচির উর্দু সাহিত্যপত্র আফকার-এ ১৯৫২ সালের এপ্রিলে কবিতাটি ছাপা হয়েছিল। ‘মহেঞ্জোদারো’ শিরোনামের সেই কবিতায় তিনি লেখেন: ‘বাংলা সাহিত্যের দৌলত আজ বিপন্ন/ হানাদারেরা এগিয়ে আসছে—/ পত্র, প্রস্তর, চর্ম, প্যাপিরাস, তাম্র ও কাংসপত্রে সংরক্ষণ করো/ বাংলার মূল্য ও চেতনাকে।/ কারণ সেই অশুভ ঘটনা ঘটতে যাচ্ছে।/ যা এক নগরকে উল্টে-পাল্টে দেয়/ এক মৃতের স্তূপে।’এখানকার উর্দু-ফারসি সাহিত্যের ইতিহাসে ঢাকার নবাব খাজা পরিবারের অবদান অনস্বীকার্য। উনিশ ও বিশ শতকে এই পরিবারের যাঁরা উর্দুতে সাহিত্য করেছেন, তাঁদের মধ্যে খাজা হায়দার জান, খাজা আসাদউদ্দীন কাওকাব, খাজা আবদুর রহিম সাবা, খাজা আহসানুল্লাহ শাহীন, খাজা নাজিমউদ্দীনের নাম করা যায়।ব্রিটিশ আমলে ঢাকা থেকে প্রকাশিত উল্লেখযোগ্য উর্দু পত্রিকা আল মাশরিক (১৯০৬-১৯০৭) ও জাদু (১৯২৩)। পাকিস্তান আমলেও একাধিক উর্দু পত্রিকা বের হতো। এর মধ্যে ওয়াতন (১৯৪৭) ও পাসবান (১৯৪৭) উল্লেখযোগ্য। অধিকাংশ স্কুল-কলেজের বার্ষিক ম্যাগাজিনে একটি উর্দু বিভাগ থাকত।বাংলাদেশ বেতার বহির্বিভাগ উর্দু ভাষায় খবর প্রচার শুরু করে। এখন আর সেভাবে মুশায়রা অনুষ্ঠিত না হলেও বাংলা ও উর্দু গজলের চর্চা রয়েছে।