সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী
উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে
বাংলাদেশের কারাগারে আটক ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কাছে এ ব্যাপারে অনুরোধ করেছেন এবং বাংলাদেশ অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করবে। এ জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কার্যালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান।গত ২৯-৩০ জুলাই বাংলাদেশ সফরকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার অনানুষ্ঠানিক প্রস্তাব দেন বলে জানা যায়।ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই গত সোমবার জানায়, চিদাম্বরম ওই দিন নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘অনুপ চেটিয়াকে যত শিগগির সম্ভব আমাদের হাতে তুলে দিতে অনুরোধ জানিয়েছি।’আগামী সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগেই অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হবে কি না, জানতে চাইলে সাহারা খাতুন বলেন, প্রক্রিয়া শেষ হলেই তাঁকে ভারতের কাছে ফেরত দেওয়া হবে।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, এক দেশ থেকে আরেক দেশে অপরাধী বিনিময়ের দৃষ্টান্ত রয়েছে। তবে অনুপ চেটিয়াকে কোন প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, অনুপ চেটিয়ার শাস্তির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তাঁর নিরাপত্তার প্রসঙ্গ তুলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁর নিরাপত্তার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেন।গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ এবং অবৈধ মুদ্রা ও স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে ‘ফরেনার্স অ্যাক্ট ও পাসপোর্ট’ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।অবৈধ বিদেশি মুদ্রা রাখার দায়ে অনুপ চেটিয়াকে ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল তিন বছরের সশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ১৯৯৮ সালের অক্টোবরে ফরেনার্স ও পাসপোর্ট আইনে তৎকালীন মুখ্য মহানগর হাকিমের আদালত তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়। এরপর তিনি জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে চিঠি দেন। উলফার পক্ষ থেকেও অনুরূপ চিঠি দেওয়া হয়।অনুপ চেটিয়া বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।