উলফা নেতার ছেলে ঢাকা থেকে অপহূত!
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার কলেজপড়ুয়া ছেলেকে ঢাকা থেকে অপহরণ করা হয়েছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে।পরেশ বড়ুয়ার একটি ই-মেইল বার্তার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস ও আসাম ট্রিবিউন-এর অনলাইন সংস্করণসহ, বিবিসি বাংলা এবং আইবিএন-লাইভ ও নিউজলাইভ টেলিভিশনসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে।আসামের নিউজলাইভ টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ জারির হোসেন টেলিফোনে প্রথম আলোকে জানান, তাঁরা গতকালই পরেশ বড়ুয়ার এই ই-মেইল পেয়েছেন। তাতে বলা হয়, তাঁর ছেলেকে ঢাকা থেকে অপহরণ করে জিম্মি করা হয়েছে। তবে কারা, কখন, কোথা থেকে তাকে অপহরণ করল, তা তিনি বিস্তারিত উল্লেখ করেননি বা কাউকে সরাসরি দায়ী করেননি।তবে ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, ঢাকা থেকে উলফা নেতার ছেলে অপহূত হয়েছে, এমন কোনো তথ্য তাঁদের জানা নেই।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া ই-মেইলে দাবি করেছেন, শক্ত অবস্থান থেকে সরে এসে তাঁকে (পরেশ) আত্মসমর্পণের জন্য চাপ দিতেই ছেলেকে অপহরণ করে জিম্মি করা হয়েছে বলে তাঁর ধারণা।স্বনির্বাসনে যাওয়া ও আত্মগোপনে থাকা পরেশ বড়ুয়া ই-মেইলে দেওয়া বিবৃতিতে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমার কাছে আদর্শের জন্য সংগ্রামরত মানুষের চেয়ে ছেলে বড় নয়। কেউই আমার ছেলেকে অপহরণ করে আমাকে বা আমার পরিবারকে দুর্বল করতে পারবে না। আমি একটা জিনিস জানাতে চাই যে আমরা আমাদের ছেলেকে উৎসর্গ করতে প্রস্তুত। কিন্তু কোনোভাবেই নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াব না।’ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পরেশ বড়ুয়া এখন চীন- মিয়ানমার সীমান্তের কোথাও আত্মগোপনে রয়েছেন বলে সে দেশের গোয়েন্দাদের ধারণা। তবে তাঁর স্ত্রী ববি বড়ুয়া ওরফে সুফিয়া বেগম ও ছেলে তাহসিম বড়ুয়া ওরফে আকাশ খান (১৯) ঢাকায় অবস্থান করছিলেন। ছেলে একটি কলেজের শিক্ষার্থী।প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে উলফা ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেপ্তারের পর তাদের শান্তি আলোচনায় বসার জন্য চাপ দিচ্ছে ভারত সরকার। কিন্তু পরেশ বড়ুয়া শান্তি আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন। এ নিয়ে উলফার নেতৃত্বেও ফাটল ধরেছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়।ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এর আগে ১৩ ডিসেম্বর উলফার নেতা অন্তু চৌদাং ও প্রদীপ চেটিয়া বাংলাদেশে আটক হয়েছেন। এরপর ১৮ ডিসেম্বর উলফার আরেক নেতা প্রাণজিৎ সইকিয়াকে আটক করা হয়েছে। তাঁরা তিনজনই পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে তাঁদের আটকের ব্যাপারে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।এর আগে গত বছরের শেষ দিকে উলফার চেয়ারম্যান রাজখোয়া, তাঁর দেহরক্ষী রাজু বোরা ও উলফার সামরিক শাখার উপ-প্রধান রাজু বড়ুয়া, পররাষ্ট্রবিষয়ক সচিব শশধর চৌধুরী ও অর্থবিষয়ক সম্পাদক চিত্রবন হাজারিকা আটক হন। তখনো ভারতীয় গণমাধ্যমে খবর বের হয় যে তাঁদের বাংলাদেশে আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ছাড়া উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া ১৯৯৭ সালে ঢাকায় গ্রেপ্তার হয়ে এখনো বাংলাদেশের কারাগারে আটক আছেন।