উলফার চেয়ারম্যান আজ মুক্তি পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়ার এক বছরের মাথায় উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া (৬৬) আজ শনিবার মুক্তি পাচ্ছেন।আসামের ইংরেজি দৈনিক আসাম ট্রিবিউন-এর খবর অনুযায়ী, উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের এই শীর্ষ নেতার বিরুদ্ধে ছয়টি মামলা ছিল। সব কটিতে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।গতকাল শুক্রবার আসামের নিউজলাইভ টেলিভিশনের খবরে বলা হয়, অরবিন্দ রাজখোয়ার সব কটি মামলার জামিননামা গতকাল গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে জমা পড়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ তিনি কারাগার থেকে বের হবেন।যোগাযোগ করা হলে নিউজলাইভের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ জারির হোসেন টেলিফোনে প্রথম আলোকে জানান, আজ সকাল সাড়ে আটটায় অরবিন্দ রাজখোয়া কারাগার থেকে বের হবেন। তাঁকে সংবর্ধনা জানাতে তাঁর সংগঠনের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।ভারতীয় টেলিভিশন আইবিএনলাইভ-এর ওয়েবসাইটে দেওয়া খবরে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে উলফার শীর্ষস্থানীয় নেতারা নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে, যার কারণে তাঁদের জামিন আবেদনের শুনানিতে আদালতে সরকারপক্ষ আপত্তি জানায়নি।এ ছাড়া গুয়াহাটি উলফার অর্থবিষয়ক সম্পাদক চিত্রবন হাজারিকা এবং পররাষ্ট্রবিষয়ক সম্পাদক শাশা চৌধুরীও শিগগির জামিনে মুক্তি পেতে পারেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে। এর আগে গত কয়েক মাসে উলফার ভাইস চেয়ারম্যান প্রদীপ গোগই, সামরিক শাখার উপপ্রধান রাজু বড়ুয়া, প্রচার সম্পাদক মিথিঙ্গা দাইমারি, রাজনৈতিক উপদেষ্টা ভীমকান্ত বুরাহগোয়াইন ও সংস্কৃতি সম্পাদক প্রণতি দেকা জামিনে মুক্তি পেয়েছেন।উলফার এসব শীর্ষস্থানীয় নেতার বেশির ভাগকেই গত এক বছরে বাংলাদেশ থেকে আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওই দেশের গণমাধ্যমে প্রচার হয়েছে। তবে বাংলাদেশ সরকার বরাবরই তা অস্বীকার করেছে।এ ছাড়া উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া ১৯৯৭ সালে ঢাকায় গ্রেপ্তার হয়ে এখনো বাংলাদেশের কারাগারে আটক আছেন।