ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার আরও দুই নেতা বাংলাদেশে আটক হয়েছেন বলে ভারতের গণমাধ্যমে খবর বের হয়েছে। তাঁরা হচ্ছেন, উলফার কথিত সামরিক শাখার ক্যাপ্টেন অন্তু চৌদাং ও সেকেন্ড লেফটেন্যান্ট প্রদীপ চেটিয়া।উলফার পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দাবি করা হয়েছে, এই দুজনকে আটক করে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাইলে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। গত শনিবার উলফার প্রচার সম্পাদক অরুণোদয় দোহোটিয়ার পাঠানো ই-মেইল বার্তার সূত্রে ওই দিন আসামভিত্তিক নর্থ-ইস্ট টেলিভিশন ও মুম্বাইভিত্তিক ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস (ডিএনএ) এবং গতকাল রোববার কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উলফার নেতা অন্তু চৌদাং ও প্রদীপ চেটিয়া ১৩ ডিসেম্বর বাংলাদেশে আটক হয়েছেন। এরপর তাঁদের ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা তুলে নিয়েছেন। তাঁরা এখন কোথায় আছেন, এ বিষয়ে কিছু জানা যাচ্ছে না। টেলিগ্রাফ-এর খবরে বলা হয়েছে, অন্তু চৌদাং ওরফে উপেন বুড়াগোহাইন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ। অন্তুর বাড়ি আসামের লক্ষ্মীপুর জেলায়।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সূত্রের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ-এর প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের শেরপুরের কান্দিগাঁও থেকে উলফার এক নেতাকে আটক করা হয়েছে, যিনি পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ। বিএসএফ আটক হওয়া ব্যক্তির নাম প্রকাশ করেনি। নর্থ-ইস্ট টেলিভিশনের খবরে বলা হয়, অন্তু চৌদাং কিছুদিন আগে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় আটক হন। আটক অপর উলফা নেতা প্রদীপ চেটিয়ার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।এদিকে গত শনিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গ্রাম বাকাকুড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে রাইফেলের ১৩ হাজার ৬৮০টি গুলি উদ্ধার করা হয়। অবশ্য বাংলাদেশের পুলিশের দাবি, এসব গুলি উদ্ধারের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর উলফার পররাষ্ট্রবিষয়ক সচিব শশধর চৌধুরী ও অর্থবিষয়ক সম্পাদক চিত্রবন হাজারিকা এবং ৪ ডিসেম্বর সংগঠনটির চেয়ারম্যান রাজখোয়া, তাঁর দেহরক্ষী রাজু বোরা ও সামরিক শাখার উপপ্রধান রাজু বড়ুয়া আটক হন। তখনো ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়, তাঁদের বাংলাদেশে আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ছাড়া উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া ১৯৯৭ সালে ঢাকায় গ্রেপ্তার হয়ে এখনো বাংলাদেশের কারাগারে আটক আছেন।