উলফার ১৯ নেতাকে আসাম পুলিশের কাছে হস্তান্তর!
উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) ১৯ নেতাকে বাংলাদেশ থেকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের গত বুধবার বাংলাদেশ থেকে মেঘালয় হয়ে গুয়াহাটিতে নিয়ে গেছে আসাম পুলিশ।মেঘালয় পুলিশের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর পরিবেশন করে।এ ছাড়া আসামের ইংরেজি দৈনিক আসাম ট্রিবিউনসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।আসাম পুলিশকে উদ্ধৃত করে পিটিআইয়ের খবরে বলা হয়, আসাম পুলিশ গত বুধবার সপরিবারে উলফার ওই ১৯ নেতাসহ মোট ২৮ জনকে মেঘালয়ের গারো পাহাড়ের মধ্য দিয়ে গুয়াহাটিতে নিয়ে যায়। তবে নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করেছে, নাকি তাঁরা আত্মসমর্পণ করেছেন, তা এখনো পরিষ্কার নয়।উলফার কথিত সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া শুক্রবার এক ই-মেইল বার্তায় গুয়াহাটির গণমাধ্যমকে জানান, ২২ সেপ্টেম্বর ভারতের নিরাপত্তা বাহিনী ওই নেতাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন উলফার ক্যাপ্টেন ভৈতি বড়ুয়া, ক্যাপ্টেন বিজু দেকা, ক্যাপ্টেন প্রদ্যুৎ গোহাইন ও অনু বুরাগোহাইন।প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর উলফার পররাষ্ট্রবিষয়ক সচিব শশধর চৌধুরী ও অর্থবিষয়ক সম্পাদক চিত্রবন হাজারিকা এবং ৪ ডিসেম্বর সংগঠনটির চেয়ারম্যান রাজখোয়া, তাঁর দেহরক্ষী রাজু বোরা ও উলফার সামরিক শাখার উপপ্রধান রাজু বড়ুয়া আটক হন। তখনো ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়, তাঁদের বাংলাদেশে আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁরা এখন ভারতের কারাগারে।এ ছাড়া উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া ১৯৯৭ সালে ঢাকায় গ্রেপ্তার হয়ে এখনো বাংলাদেশের কারাগারে আছেন।