উলমারের জন্য...
পারলে ২০০৭ বিশ্বকাপের স্মৃতিটা মুছেই ফেলত পাকিস্তান। কিন্তু ওটা যে মোছা যায় না। বিশ্বকাপ বলেই ওটা হানা দিচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের স্মৃতিতে। নিজেদের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়। পরপরই কোচ বব উলমারের রহস্যময় মৃত্যু। হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে অনেক তদন্ত, সমালোচনা—সব মিলিয়ে যেন এক দুঃস্বপ্ন।সে সময় পাকিস্তানের অধিনায়ক ইনজামাম-উল হক অতীত ভুলে তাকাতে চান সামনে। পাকিস্তানের এই বিশ্বকাপ দলের কাছে তাঁর প্রত্যাশা অনেক। ১৯৯২ বিশ্বকাপ-জয়ী দলের অন্যতম নায়কের বিশ্বাস, এই বিশ্বকাপে উজ্জ্বল দেখাবে শহীদ আফ্রিদির দলকে। শুধু দেশ নয়, প্রয়াত কোচ বব উলমারকেও অনেক কিছু যে দেওয়ার আছে পাকিস্তানের।‘পাকিস্তানের উচিত বিশ্বকাপে ভালো কিছু করা। শুধু দেশের জন্য নয়, আমাদের প্রয়াত কোচ বব উলমারের জন্যও। বব সব সময় বিশ্বাস করতেন, বিশ্বের এক নম্বর দল হওয়ার সামর্থ্য রাখি আমরা’—চার বছর পেছনে ফিরে গেলেন ইনজামাম। বিশ্বকাপে ভালো খেলেই দুঃসহ স্মৃতি ভোলা সম্ভব বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। আর এই মিশন বিশ্বকাপে অগ্রণী একজন হিসেবে ইউনুস খানের নামটা আলাদা করে বলছেন ইনজি, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো, দেরিতে হলেও ফর্মে ফিরছে ইউনুস। ক্রিকেটটা উপভোগ করছে সে। আমার বিশ্বাস, তার মতো খেলোয়াড় বিশ্বকাপেই পারফর্ম করতে পছন্দ করবে।’এসেছে উপমহাদেশের কন্ডিশন প্রসঙ্গও। এই কন্ডিশনে বোলিংকেই দলের মূল শক্তি মানছেন ১২০ টেস্টে ৮৮৩০ রানের মালিক। পাকিস্তান সবগুলো গ্রুপ ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। সেখানকার কন্ডিশন মাথায় রেখে ইনজির পরামর্শ, আক্রমণাত্মক বোলিংয়ের অঙ্ক কষেই যেন দলের কৌশল সাজায় পাকিস্তান, ‘উমর গুল, শোয়েব আখতার ও ওয়াহাব রিয়াজ—প্রত্যেকের বলেই বেশ ভালো গতি আছে। রিভার্স সু্ইংও করতে পারে তারা। শ্রীলঙ্কাসহ অন্য দুই দেশের কন্ডিশনে যেকোনো দলকেই অলআউট করার সামর্থ্য আছে এই তিনজনের।’পাকিস্তান বিশ্বকাপ মিশন শুরু করছে ২৩ ফেব্রুয়ারি, হাম্বানটোটায় প্রতিপক্ষ কেনিয়া। গ্রুপের দুর্বল দল তো বটেই, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকেও হারাতে পারে পাকিস্তান। তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বলছেন ইনজামাম। বোঝাই যাচ্ছে, আফ্রিদিদের ওপর অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষায় রয়েছেন ইনজি। ওয়েবসাইট।