উলিপুর পৌর শহরের ফুটপাত দখল
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌর বাজারের ফুটপাতগুলো দোকানিরা দখল করে ফেলায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে পৌর শহরে ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে।উলিপুর পৌরসভার পোস্ট অফিস মোড় থেকে থানা মোড় পর্যন্ত, গবা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এবং কলেজ রোডের দুই পাশে ফুটপাত দখল করে দোকানপাট বসায় রাস্তা দিয়ে রিকশা, বাস, মিনিবাস, ভ্যানগাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে উলিপুরে ট্রাফিক-ব্যবস্থা চালু করা হলেও ফুটপাট দখলের কারণে এর সুফল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে, পোস্ট অফিস মোড় থেকে থানা মোড় পর্যন্ত কুড়িগ্রাম-চিলমারী সড়কের দুই পাশে ফলের দোকান, রাসায়নিক সারের দোকান, স্যান্ডেল-জুতার দোকান এবং গালা মালের দোকানের পাইপ, নলকূপ প্রভৃতি রাখার কারণে পথচারীরা সমস্যায় পড়ছেন। হাটের দিনে হকারেরাও ফুটপাতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে জনসাধারণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে থাকেন। এতে কখনো কখনো হোঁচট খেয়ে অনেকে আহত হচ্ছেন। পৌর শহরের বাসিন্দা মোস্তফা জানান, এখানে সোম ও বৃহস্পতিবার দুই দিন হাট বসে। অন্যান্য দিনে একটু যানজট কম হলেও হাটের দিনে ফুটপাত দখলের হিড়িক পড়ে। তখন যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এর ফলে হাটে ঢোকাই দুষ্কর হয়ে ওঠে।ফল ব্যবসায়ী আবদুল বাতেন, সুবল, শাহাজাহান, ফুলবাবু, জুতার দোকানি সাহেব আলী, সার ব্যবসায়ী সোলেমান জানান, তাঁরা অল্প পুঁজি নিয়ে এসব দোকান করে থাকেন। ঘর ভাড়া করে দোকান দেবেন, সে সামর্থ্য তাঁদের নেই। তাই বাধ্য হয়ে ফুটপাতে পণ্য বেচাকেনা করেন। রাস্তার দুই পাশে না বসলে পণ্যের প্রতি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করা যায় না, বিক্রিও তেমন একটা হয় না। এ কারণে সরকারি রাস্তার ফুটপাতে বসে পণ্যের বেচাকেনা করে থাকেন তাঁরা। এই বেচাকেনার ওপর কয়েক শ পরিবার নির্ভর করছে। ফুটপাত ছাড়া অন্য কোথাও দোকান দিলে পণ্য বিক্রি হবে না বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। পৌর মেয়র হায়দার আলী জানান, পৌরসভার বিভিন্ন সড়কের দুই পাশের ফুটপাতের ব্যবসায়ীদের অন্য স্থানে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যথাসম্ভব কম সময়ের মধ্যে ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।