উলিপুর বাস টার্মিনাল চালু হচ্ছে না একযুগেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধকোটি টাকা ব্যয়ে উলিপুর বাস টার্মিনাল নির্মাণের এক যুগ পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে আজও চালু করা যায়নি। ফলে দেড় একর জমিতে নির্মিত বাস টার্মিনালটি এখন গোচারণভূমিতে পরিণত হয়েছে। সন্ধ্যা হলে এখানে বসে মাদকসেবীদের আড্ডা, চলে অসামাজিক কর্মকাণ্ড। দুর্বৃত্তরা সীমানা প্রাচীরের অর্ধেক ইতিমধ্যে ভেঙে নিয়ে গেছে। খোয়া গেছে নলকূপ, মূল ভবনের কয়েকটি দরজা-জানালা। উলিপুর-চিলমারী-কুড়িগ্রাম সড়ক দিয়ে চলাচলকারী ৩০-৪০টি মিনিবাস, ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার শতাধিক বাস, টার্মিনালটি ব্যবহার না করে শহরের ভেতরে যত্রতত্র যাত্রী ওঠানামা করে এবং দাঁড়িয়ে থাকে। ফলে ছোট পৌর শহরটিতে সব সময় যানজট ও দুর্ঘটনা লেগেই থাকে। গত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে শহরের রাস্তায় কোনো যানবাহনকে থামিয়ে যাত্রী ওঠানামা করতে দেখা যায়নি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আগের অবস্থায় যানবাহন রাস্তায় দাঁড় করিয়ে যাত্রী ও মালামাল ওঠানামা করা হচ্ছে। পরিবহনগুলো ট্রাফিক ও মোটরযান আইন লঙ্ঘন করে খেয়াল-খুশিমতো চলছে। জানা যায়, বিগত ১৯৯৭ সালে কুড়িগ্রাম জেলা পরিষদ উলিপুর শহর থেকে আধা কিলোমিটার দূরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে কৈপাড়া এলাকায় দেড় শতক জমি ক্রয় করে ৩১ লাখ ১১ হাজার ৫৮৩ টাকা ব্যয়ে উলিপুর বাস টার্মিনাল নির্মাণ করে। টার্মিনালটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয় কুড়িগ্রাম মোটর মালিক সমিতিকে। ১৯৯৮ সালে বাস টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। কিন্তু ছয় মাসের মধ্যে কুড়িগ্রাম বাস মালিক সমিতির অবহেলার কারণে টার্মিনালটি পরিত্যক্ত হয়ে যায়। সেই থেকে স্থানীয় দূরপাল্লার বাসগুলো টার্মিনাল ব্যবহার না করে পৌর শহরের যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ও মালামাল ওঠানামা করে। যাত্রীবাহী বাস-ট্রাক, দূরপাল্লার বাস যত্রতত্র দাঁড়ানো এবং শহর দিয়ে দ্রুত চলাচলের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। চার মাস আগে বাস দুর্ঘটনায় উলিপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পিংকি মারা যায়। উলিপুর বণিক সমিতির সভাপতি আলহাজ আবদুল আলী সরকার শহরে এভাবে বাস থামিয়ে যাত্রী ও মালামাল ওঠানামা করার বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন। উলিপুর পৌর শহরের বাসিন্দা সাইদুল হক জানান, বাস টার্মিনাল থাকা সত্ত্বেও রাস্তায় বাস থামানোর ফলে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। তিনি এ অবস্থার নিরসন চান। উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র মমিনুল ইসলাম বলেন, শহরে যত্রতত্র বাস, মিনিবাস ও দূরপাল্লার বাসগুলো দাঁড়ানোর ফলে সকালে কলেজ যাওয়াই দুষ্কর হয়ে পরে। সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত সাইকেল, রিকশা, বাস, মিনিবাস, ট্রাক এবং জনসাধারণের ভিড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ কারণে প্রায় আধা কিলোমিটার ঘুরে নির্দিষ্ট সময়ের পর কলেজে যেতে হয়।উলিপুর উপজেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম জানান, কুড়িগ্রাম বাস মালিক সমিতি বর্তমানে উলিপুর বাস টার্মিনালে কোনো বাস বা মিনিবাসের টিকিট স্থায়ীভাবে বিক্রি করার ব্যবস্থা না করায় বাসগুলো সরাসরি কুড়িগ্রাম থেকে চিলমারী পর্যন্ত যাতায়াত করে থাকে। সে কারণে বাসের চালকেরা শহরে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ও মালামাল ওঠানামা করে থাকেন। কুড়িগ্রাম বাস মালিক সমিতির সভাপতি পনির উদ্দিন জানান, বর্তমানে উলিপুর বাস টার্মিনাল থেকে সরাসরি কুড়িগ্রাম-চিলমারী বা রংপুর পর্যন্ত বাস দেওয়ার কোনো পরিকল্পনা সমিতির নেই। অদূর ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে। কুড়িগ্রাম জেলা পরিষদের প্রকৌশলী মামুনুর রশিদ জানান, বাস টার্মিনালটি রক্ষণাবেক্ষণ এবং চালু করার জন্য উলিপুর পৌরসভাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। উলিপুর পৌর মেয়র হায়দার আলী জানান, খুব শিগগিরই বাস টার্মিনালটি চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।